জগন্নাথপুর২৪ ডেস্ক::
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে। এদিন ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এই রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সে অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং এর মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবে। এটি বাংলাদেশ টেলিভিশন এবং এর সঙ্গে চুক্তিবদ্ধ যে সংস্থাগুলো রয়েছে, সেখানে সরাসরি সম্প্রচারিত হবে।’
তিনি বলেন, ‘প্রসিকিউশনের পক্ষ হতে যে ৫টি অভিযোগ আনা হয়েছিলো, তা সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন আসামিদের সবোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে। পাশাপাশি, এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মামলায় যারা ভিক্টিম আছে, শহীদ ও আহত পরিবারের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়ে ছিলাম। ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশ দেন প্রসিকিউশন তা মেনে নেবে।’
সূত্র মানব জমিন