জগন্নাথপুর২৪ ডেস্ক::
বাংলাদেশ ইসলামী আন্দোলনকে বাদ রেখেই ১১ দলীয় জোটের ১০ টি দলের প্রার্থীর সংখ্যা ঘোষণা করা হয়েছে। রাতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে ১০ দলের নেতারা উপস্থিত থাকলেও ৮ টি দলের আসন ঘোষণা করা হয়। খেলাফত আন্দোলন ও জাগপার আসন পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আসন ঘোষণা করেন। ঘোষিত আসনে দলগুলোর একক প্রার্থী থাকবে। এর মধ্যে জামায়াতে ইসলামী ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, নেজামে ইসলাম পার্টি ২, এবি পার্টি ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ টি আসনে লড়বে। সংবাদ সম্মেলনে জাগপা ও খেলাফত আন্দোলনের প্রতিনিধি উপস্থিত থাকলেও তাদের আসন ঘোষণা করা হয়নি।
সংবাদ সম্মেলনে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান, এলডিপি চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এসনিপি আহবায়ক নাহিদ ইসলামসহ ১০ দলের নেতারা উপস্থিত ছিলেন।
ওদিকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সংবাদ সম্মেলন করে জোটের বিষয়ে অবস্থান জানানো হবে।
সূত্র-মানব জমিন