Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এনসিপির মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনের আইকনিক স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক মোহাম্মদ সুজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় সুজন সাংবাদিকদের বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালাই। ওখানেই আমি আন্দোলনের সময় পরিচিতি পাইছি। তাই আমি এই আসন থেকেই নির্বাচন করতে চাই। আমি নিজেই এই আসনটা বাইছা নিছি।’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা তাঁর হাতে মনোনয়ন ফরম তুলে দেন।

ঢাকা-৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা আব্বাস এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

এদিন এনসিপির সদস্যসচিব আখতার হোসেনও মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি রংপুর-৪ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী শিল্পপতি এমদাদুল হক ভরসা এবং জামায়াতে ইসলামীর প্রার্থী এ টি এম আজম খান।

আজ বৃহস্পতিবার ২০ নভেম্বর শেষ হচ্ছে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা। তবে রাত সোয়া ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। তিনি ঢাকা-১১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে এনসিপি সূত্রে জানা গেছে।

মনোনয়ন ফরম বিক্রির প্রক্রিয়া শেষে ২১ ও ২২ নভেম্বর মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সূত্র-আজকের পত্রিকা.কম

Exit mobile version