জগন্নাথপুর২৪ ডেস্ক::
শহীদ ওসমান হাদীর বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
শরিফ ওসমান বিন হাদি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ। জুলাই গণ-অভ্যুত্থান-পরে তিনি রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করেন। তিনি সংগঠনটির আহ্বায়ক, মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১২ ডিসেম্বর বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেয়ার পরও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর দুপুরে ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
সূত্র-মানব জমিন