1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

কোরআনের বাণী/ দুর্বলদের অধিকার ও অঙ্গীকারের জবাবদিহি

  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৩৪

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

وَ لَا تَقۡرَبُوۡا مَالَ الۡیَتِیۡمِ اِلَّا بِالَّتِیۡ هِیَ اَحۡسَنُ حَتّٰی یَبۡلُغَ اَشُدَّهٗ ۪ وَ اَوۡفُوۡا بِالۡعَهۡدِ ۚ اِنَّ الۡعَهۡدَ كَانَ مَسۡـُٔوۡلًا ﴿۳۴﴾

সরল অনুবাদ

৩৪. আর ইয়াতীম বয়োপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুপায়ে ছাড়া তার সম্পত্তির ধারে-কাছেও যেও না এবং প্রতিশ্রুতি পালন করো; নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে।

সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা বনি ইসরাঈলের এ আয়াতটিতে সমাজের দুইটি গুরুত্বপূর্ণ নৈতিক দায়িত্বের কথা বলা হয়েছে। ইয়াতীমের সম্পদের সুরক্ষা এবং প্রতিশ্রুতি রক্ষা। আয়াতটি মানবিকতা, দায়িত্ববোধ ও জবাবদিহিতার এক গভীর শিক্ষা প্রদান করে।

এখানে মহান আল্লাহ তাআলা মানব সমাজে দুর্বল ও অসহায়দের অধিকার রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। ইয়াতীম শিশুদের মধ্যে সবচেয়ে অসহায় শ্রেণির অন্তর্ভুক্ত। তাদের পিতা নেই, উপার্জনের কোনো উপায় নেই এবং তারা সহজেই অন্যের প্রতারণা বা লোভের শিকার হতে পারে। তাই আল্লাহ কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে, ইয়াতীম বয়ঃপ্রাপ্ত ও প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার সম্পদের কাছে যেও না, তবে যদি এমন কোনো প্রয়োজন হয় যা তার কল্যাণের জন্য, তখন সৎ ও উত্তম পদ্ধতিতে তা ব্যবস্থাপনা করা যাবে।

এখানে “সদুপায়” বলতে বোঝানো হয়েছে; ইয়াতীমের সম্পদ সংরক্ষণ করা, নিরাপদভাবে বিনিয়োগ করা, অপচয় বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করা এবং তার স্বার্থকেই সর্বাগ্রে রাখা। ইসলামের দৃষ্টিতে ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা বা অন্যায়ভাবে ভোগ করা গুরুতর গুনাহ। পবিত্র কোরআনের অন্যত্র বলা হয়েছে: “নিশ্চয় যারা অন্যায়ভাবে ইয়াতীমদের সম্পদ ভক্ষণ করে, তারা নিজেদের পেটে আগুনই ভরে।” (সূরা নিসা, আয়াত : ১০)

আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে “প্রতিশ্রুতি পালন করো; নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে।
” এটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনের একটি মৌলিক নৈতিক ভিত্তি। প্রতিশ্রুতি শুধু কথার বিষয় নয়; এটি একটি আমানত এবং দায়িত্ব। মানুষ যখন কারো সাথে অঙ্গীকার করে। তা পারিবারিক হোক , সামাজিক হোক বা আর্থিক বা রাষ্ট্রীয় হোক । তখন সে আল্লাহর সামনে দায়বদ্ধ হয়ে যায়।
কিয়ামতের দিন প্রতিটি প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “মুনাফিকের আলামত তিনটি—কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে এবং আমানত রাখা হলে খিয়ানত করে।” (বুখারি, মুসলিম)

এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় যে, ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়; এটি নৈতিকতা ও দায়িত্বশীলতার ধর্ম। দুর্বলদের অধিকার রক্ষা করা এবং নিজের কথার প্রতি বিশ্বস্ত থাকা একজন মুমিনের চরিত্রের অপরিহার্য অংশ।

এই আয়াত মানুষকে তিনটি বড় শিক্ষা দেয়:

প্রথমত, অসহায়দের সম্পদ ও অধিকার রক্ষা করা ইবাদতের অন্তর্ভুক্ত।

দ্বিতীয়ত, দায়িত্ব পালনে সততা ও স্বচ্ছতা অপরিহার্য।

তৃতীয়ত, প্রতিটি অঙ্গীকারের জন্য মানুষকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com