জগন্নাথপুর২৪ ডেস্ক::
লন্ডন প্রবাসী বুরহান উদ্দিন শফি (৫৪ ) সিলেটের জকিগঞ্জের একটি হাওরে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার পেছনে রহস্য কি সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। শফিকে হত্যা করেই শুধু শেষ হয়নি বরং তার মরদেহের আলামত নষ্ট করার জন্য পুড়িয়েও দেয়া হয়। দেশে আসার দুদিনের মাথায় কেন শফিকে নির্মমভাবে হত্যা করা হয় সে ক্লু উদঘাটনে কাজ করে যাচ্ছে পুলিশ।
এদিকে, যেদিন শফি নিখোঁজ হন ওইদিন রাতে তিনি মোটরসাইকেল নিয়ে বের হন। মাথায় ছিলো তার হেলমেট। শফি নিজেই মোটরসাইকেল চালালেও পেছনে বসা ছিলেন এক যুবক। যে যুবককে শফির পরিবার আগে কখন দেখেননি এমনকি তারা চিনেনও না। সিসি ক্যামেরা ফুটেজে এ দৃশ্যটি ধরা পড়ার পর নতুন করে মোড় নিয়েছে তদন্তে। সেই যুবককে শনাক্ত করতে পারলেই শফি হত্যার রহস্যের জট খুলতে পারে বলে মনে করছে পুলিশ। ইতোমধ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য দল সেই যুবকের খোঁজে মাঠে নেমেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) শফির ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শফির দাফনের পর হত্যার ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়ের করবে তার পরিবার।
নিহত বুরহান উদ্দিন শফি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর গ্রামের সমছু মিয়ার ছেলে। তিনি স্বপরিবারে প্রায় ২৫ বছর থেকে লন্ডনে বসবাস করতেন। নিখোঁজের ৪ দিন পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি আগুনে পোড়ানো ও গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেই সাথে মরদেহের পাশেই পাওয়া যায় লবণের একটি প্যাকেট। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও মরদেহ উদ্ধারের পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি টিম মরদেহের পরিচয় প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে। এরপর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হন শফি। গত ২৮ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি বাসায় ওঠেন। ৩০ জানুয়ারি কুলাউড়া যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় ৩১ জানুয়ারি সিলেটের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশের ধারণা হত্যাকাণ্ডটি পরিকল্পিত। মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ানোর স্পষ্ট চিহ্ন এবং গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ছিল। মরদেহের পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। পুলিশের ধারণা, হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করার উদ্দেশ্যে মরদেহে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। সূত্র-সিলেটভিউ