স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুরে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারি ঘটনার ১৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় শিপু মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।
শিপু মিয়া উপজেলার পাটলী মাঝপাড়া গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওই ব্যক্তির নিজ গ্রামের মাদ্রাসায় জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে সুনু মিয়ার ছেলে শিপু মিয়া সঙ্গে একই গ্রামের মৃত মকবুল মিয়ার ছেলে শিফুল মিয়া ও মৃত হারুন মিয়ার ছেলে ইয়ামিন মিয়া জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ২৩ ডিসেম্বর বিকেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে গুরুতর আহত শিপু মিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন। সেখানে ১৪ দিন পর সোমবার রাত সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।
এদিকে, ঘটনার পর গত ২৭ ডিসেম্বর শিপু মিয়ার স্ত্রী রুসনা বেগম বাদী হয়ে শিফুল মিয়াকে প্রধান আসামি করে ৬ জনের নামে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে, ওই মামলার প্রধান আসামি শিফুল মিয়া বাদী হয়ে গত শনিবার ৩ জনের নামে পাল্টা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেন। একপক্ষের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে। তিনি বলেন, আসামিরা জামিনে আছে। মারামারির মামলায় হত্যার ধারা সংযুক্ত করা হবে এবং আসামিদের আইনের আওতায় আনা হবে।