স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সাবেক এমপি এডভোকেট শাহীনুর পাশা চৌধুরীর নির্বাচনী জনসভায় হেলিকপ্টার যোগে আজ মঙ্গলবার আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেল ৩ টায় জগন্নাথপুর বাজারের একটি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী। তিনি বলেন, ১০ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা আমীরে মজলিস আল্লামা মামুনুল হক রিক্সা মার্কার সমর্থনে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ২টায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভাকে সফল করতে তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত হয়ে জনসভাকে সফল করার আহবান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহ সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আবদুল মুনঈম শাহিন কামালী, সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, সহ সভাপতি মাওলানা ওমর ফারুক, উপজেলা শ্রমিক মজলিস সাধারণ সম্পাদক ওলিউর রহমান চান মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, মাওলানা সালমান আহমদসহ আরো অনেকে।

