স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক যুক্তরাষ্ট্র প্রবাসী নিজের ৪২ বছরের দখলীয় মৌরসি মালিকানা বেদখল হওয়ায় জমি উদ্ধারে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের করেছেন।
আজ বুধবার (২৬ নভেম্বর) জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ মামলা দায়ের করেন। উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ শাহনুর বকস পীর অবৈধ দখল প্রতিরোধ ও দখল পুনরুদ্ধারের জন্য এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, উপজেলার হামিদপুর মৌজার জেএলনং-৫৫ আর.এস খতিয়ান নং ১০১ এ ৭ শতক বাড়ি রকম ভুমি তাদের মৌরসি মালিকানা হিসেবে ৪২ বছর ধরে ভোগদখল করিয়া আসিতেছেন। গত বছরের ১০ আগষ্ট তিনি বাড়িতে না থাকার সুবাদে হামিদপুর গ্রামের মোহাম্মদ আরজ খান,আরশ খান ও যুধিষ্ঠির চন্দ্র দাসগং অবৈধভাবে জোরপূর্বক ৭ শতক ভুমি দখল করে নেন। এছাড়াও নামজারি ২২৩ নং খতিয়ানের ৩.৪৬ শতক ভুমি জবর দখলের চেষ্টা চালায়।তিনি দেশে এসে গত ৫ নভেম্বর জাতীর আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইড অফিস সুনামগঞ্জের নিকট এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। গত ২৩ নভেম্বর চীফ লিগ্যাল এইড অফিসার যুগ্ম জেলা ও দায়রা জজ সোলায়মান কবীর উভয়পক্ষের উপস্থিতিতে আপোষ মীমাংসার জন্য দিন ধার্য করেন। দীর্ঘ আলোচনায় প্রতিপক্ষ মোহাম্মদ আরজ খান আপোষ মীমাংসার কার্যক্রমে সহযোগিতা না করায় প্রার্থীপক্ষ মোহাম্মদ শাহনুর বকস পীর কে এ বিষয়ে মামলা দায়েরের পরামর্শ দিয়ে আদেশ দেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ শাহনুর বকস পীর বলেন, নতুন ভুমি আইন ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৭ও ৮ ধারায় আমি মামলা দায়ের করেছি। আশা করছি আমার অভিযোগ আমলে নিয়ে জবরদখল থেকে আমার ভুমি উদ্ধার করে বুঝিয়ে দেয়া হবে। আমি ন্যায় বিচারের প্রত্যাশায় আছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, নতুন ভুমি আইনে প্রবাসীর আবেদন গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর নতুন ভুমি আইন ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের গেজেট প্রকাশ করা হয়। বর্তমান সরকার এ গেজেটের আলকে বিধিমালা প্রনয়ন করে ৯০ দিনের মধ্যে অভিযোগের বিষয় নিস্পত্তির বিধান রাখে।