Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে স্বস্তির বৃষ্টিতে বোরো ফসলে ফিরেছে প্রাণ, বাঁধে অস্বস্তি

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘদিন অনাবৃষ্টি আর খরতাপের পর অবশেষে আকাশের মেঘ ভেঙে নামলো স্বস্তির বৃষ্টি।

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় মৌসুমের প্রথম বৃষ্টি হয়। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় কৃষকরা। বৃষ্টি না হাওয়ায় মরতে থাকা বোরো ফসলে ফিরেছে নতুন প্রাণ।

এদিকে বৃষ্টিতে স্বস্তি ফিরলেও অস্বস্তি আছে হাওরের ফসলরক্ষা বাঁধে। গত ২৮ ফেব্রুয়ারি বাঁধের কাজের নির্ধারিত সময়ে পেরিয়ে গেলেও এখন শেষ হয়নি হয়। জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের ১১ নম্বর প্রকল্পে এখনও মাটি কাটার কাজ সম্পন্ন হয়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাঁধের কাজের আরও ১৫ দিন সময় বাড়ানো হয়েছে।

জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামের কৃষক মুমেন মিয়া বলেন, বর্তমানে জমিতে ধানের ‘ছড়া’ বা ‘থোড়’ আসার সময়। এই সময়ে ধানের গোড়ায় পর্যাপ্ত পানির প্রয়োজন কিন্তু হাওরে পানি সংকট ও বৃষ্টি না হওয়াতে ধানের চারা মরে যাচ্ছিল। বৃষ্টিতে ফসলের প্রাণ ফিরেছে।

চিলাউড়া গ্রামের কৃষক জুবায়ের মিয়া বলেন, তীব্র রোদে গত কয়েকদিন ধরে খেত ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। পানির অভাবে অনেক জায়গায় ধান গাছ লালচে বর্ণ ধারণ করতে শুরু করেছিল। ঠিক এমন সময় এই বৃষ্টি কৃষকদের দুশ্চিন্তা দূর করে মুখে হাসি ফুটিয়েছে। তবে হাওরে বাঁধের কাজ এখনও শতভাগ কাজ শেষ না হওয়ায় কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে।

জগন্নাথপুরের দায়িত্ব থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী শেখ ফরিদ বলেন, বৃষ্টিতে ফসলরক্ষা বাঁধের কোন ক্ষতি হয়নি। হাওরের একটি বাঁধে মাটি ভরাটের কাজ এখনও শেষ হয়নি। তবে কাজ চলমান।

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এসময় বৃষ্টি হওয়া ফসলের জন্য খুবই প্রয়োজন ছিল। সঠিক সময়ে এ বৃষ্টি হওয়াতে ফসল ভালো হবে। এ বছর ২০ হাজার ৪২৩ হেক্টর জমি বোরো ধান রোপন করা হয়েছে।

Exit mobile version