জগন্নাথপুর২৪ ডেস্ক::
আফ্রিকার দেশ মালির সামরিক বাহিনীর পক্ষে টিকটক কন্টেন্ট পোস্ট করার অপরাধে মালির জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে অপহরণ করে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দেশটির একটি সন্ত্রাসী সংগঠন। গত সোমবার বিবিসি এই মর্মান্তিক খবরটি প্রকাশ করেছে।
নিহত ওই টিকটকারের নাম মারিয়াম সিসে। তার বয়স ২০ বছর। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে তাঁর মোট ফলোয়ার সংখ্যা ছিল ৯৫ হাজারেরও বেশি। ফ্রান্সের পাবলিক ব্রডকাস্টার আরএফআই’র তথ্য অনুযায়ী, আল-কায়েদা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী জেএনআইএম-এর সঙ্গে যুক্ত একটি দল তাঁকে হত্যা করেছে।
বৃহস্পতিবার মালির উত্তরাঞ্চলীয় টিম্বুকতুর টনকা শহরের একটি স্থানীয় বাজারে লাইভ করার সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মারিয়ামকে অপহরণ করে। সশস্ত্র গোষ্ঠীটি তাঁর বিরুদ্ধে মালিয়ান সেনাবাহিনীর পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলে। অপহরণের পরদিন শুক্রবার তাঁকে জনসমক্ষে গুলি করে হত্যা করে।
মারিয়াম তাঁর একাধিক ভিডিওতে মালির সামরিকবাহিনীর ইউনিফর্ম পরেছিলেন এবং মালির জয় হোক স্লোগান ব্যবহার করতেন।
আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন মাহমুদ আলী ইউসুফ রোববার এক বিবৃতিতে মালিসহ সাহেল অঞ্চলের অন্যান্য অংশে নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
সূত্র ঢাকা মেইল.কম