জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮)। রাত পৌনে ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। সেখানে তিনি বলেন, টিএসসি এলাকা দিয়ে আজিমপুরের বাসায় যাওয়ার পথে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হয়ে স্প্লিন্টার তাঁর পিঠে লাগে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, জরুরি বিভাগে আহত ব্যক্তির চিকিৎসা চলছে। তিনি সামান্য আহত হয়েছেন।
এদিকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব জানান, তিনি ফুটপাতের পাশে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ একটি ককটেল ছুটে এসে পড়ে। এতে তাঁর মোটরসাইকেলের তেলের ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বললে তাঁরা বলেন, সম্ভবত সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে টিএসসিতে প্রামাণ্যচিত্র প্রদর্শনীকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ একজন ককটেলগুলো ছুড়েছে। সেখানে প্রক্টোরিয়াল টিম পাঠানো হয়েছে। পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে।
রাত সোয়া ৮টার দিকে ঘটনাটি ঘটে বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, ‘বাংলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা অনুমান করছি দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণের পর পালিয়ে গেছেন।’সূত্র-প্রথম আলো.কম