জগন্নাথপুর২৪ ডেস্ক::
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানের জন্য একটি বিপর্যয়ের পরিস্থিতি তৈরি করেছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিকে বিষয়টি স্পষ্ট না হলেও আপাতদৃষ্টিতে যত দিন যাচ্ছে ততই ইরানের বিপর্যয় স্পষ্ট হচ্ছে। এই অবস্থায় শত্রুপক্ষ মনে করেছিল, ইরানকে অভ্যন্তরীণভাবে তারা শেষ করে দিতে পারবে; ইরান সরকারের বিরুদ্ধে জনগণ মাঠে নামবে। কিন্তু যুক্তরাষ্ট্রের সেই আশায় গুড়ে বালি পড়েছে। কঠোর হামলার মুখেও ইরানের জাতিগত ঐক্য ভেঙে পড়েনি। দ্য ক্রাডলের এক নিবন্ধে এসব কথা উঠে আসে।
দ্য ক্র্যাডল জানায়, প্রথম দিকে মনে হয়েছিল, এই যুদ্ধ ইরানের জাতিগত বিভাজনকে উসকে দিতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে ইরাক সীমান্তের কাছে যেখানে কুর্দি জনগোষ্ঠী বাস করে, এই এলাকার সশস্ত্র কুর্দি গোষ্ঠী ইরানে ঢুকে হামলা চালানোর শঙ্কাও করা হচ্ছিল। কিন্তু এখন পর্যন্ত ইরানের ভেতরে যা ঘটছে, তা সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিভাজন তৈরি হওয়ার বদলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা ইরানে জাতীয় ঐক্যের অনুভূতি আরও জোরদার করেছে। এমনকি যেসব এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা শক্তিশালী, সেসব এলাকাও এখন ইরান সরকারের পক্ষে শক্তিশালী জনমত গড়ে উঠেছে।
ইরানের জাতিগত বৈচিত্র্যতা নিয়ে পশ্চিমাদের ‘ভুল’
ইরানের জাতিগত গঠন দীর্ঘদিন ধরে অনেকটা যান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছে পশ্চিমা বিশ্লেষকরা। অথচ ইরান এ রকম একজাতীয় রাষ্ট্র নয়। দেশটির বড় অংশ জুড়ে বড় আজারি, কুর্দি, আরব, বালুচ ও তুর্কমেন জনগোষ্ঠী বাস করে এবং কয়েকটি প্রদেশে উল্লেখযোগ্য সুন্নি মুসলিম জনসংখ্যা রয়েছে।
তবে ইরানে জাতিগত বৈচিত্র্যতা কখনোই স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্নতাবাদে রূপ নেয়নি। জাতিগত পরিচয় ও জাতীয় পরিচয় অনেক বেশি জটিলভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। পশ্চিমা বিশেষজ্ঞদের বিশ্লেষণে তা ধরা পড়েনি।
উদাহরণ হিসেবে বলা যায়, আজারি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে রাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পরিবারেও আজারি শিকড় রয়েছে। অন্যদিকে কুর্দি অঞ্চলগুলোতে সময় সময় উত্তেজনা থাকলেও তারা অর্থনৈতিক ও সামাজিকভাবে ইরানের বৃহত্তর রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত রয়েছে। জাতিগত পার্থক্য কোনো দেশের দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়- ইরানে তা ভুল প্রমাণিত হয়েছে।
কৌশলগত মার্কিন হামলা কার্যকরী হয়নি
চলমান যুদ্ধে ইরানের কুর্দি অধ্যুষিত পশ্চিমাঞ্চলের ওপর কৌশলগত হামলায় গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ দেশটির নীতিনির্ধারকরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করেন, সংকটের সময় জাতিগত বিভাজনকে সক্রিয় করা সম্ভব।
সংঘাত পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাগুলোর প্রায় পাঁচভাগের একভাগ কুর্দি অধ্যুষিত পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে হয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল পুলিশ স্থাপনা, সীমান্তরক্ষী পোস্ট এবং আঞ্চলিক নিরাপত্তা অবকাঠামো।
এ থেকে বোঝা যায় সামরিক পরিকল্পনাবিদরা মনে করেছিলেন, বিচ্ছিন্নতাবাদীদের ওপর চাপ সৃষ্টি করলে শুধু নিরাপত্তা সমস্যা নয়, রাজনৈতিক বিভাজনও তৈরি হতে পারে। কিন্তু তা ঘটেনি।
সশস্ত্র গোষ্ঠীর পক্ষে জনসমর্থন কম
এপির প্রতিবেদনে বলা হয়, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে থাকা কয়েকটি ইরানি কুর্দি ভিন্নমতাবলম্বী গোষ্ঠী জানিয়েছিল—সংঘাত বিস্তৃত হলে তারা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে উত্তর ইরাকে নির্বাসিত কুর্দি সংগঠনগুলোর ক্যাম্প ইরানের লক্ষ্যবস্তু হয়েছে বলে খবর আসে।
ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেন, যুদ্ধকে কাজে লাগিয়ে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যদি সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাহলে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। ইরাকের কেন্দ্রীয় সরকার ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের কর্মকর্তারাও বলেন, ইরাকের ভূখণ্ড যেন প্রতিবেশী দেশের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার না হয়। তাছাড়া কুর্দি সশস্ত্র সংগঠন পিজেএকে, কোমালা এবং কুর্দিস্তান ফ্রিডম পার্টির মতো সশস্ত্র সংগঠন ইরানে হামলা করবে- এই সামাজিক সমর্থন তাদের নেই।
যুদ্ধের সময় শক্তিশালী ‘জাতীয় ঐক্য’
বিদেশি সামরিক চাপ ইরানের রাজনৈতিক পরিবেশকে এমনভাবে বদলে দিয়েছে, যা অনেক পর্যবেক্ষক বুঝতে পারেননি। যুদ্ধ শুরু হওয়ার আগেই ইরান অর্থনৈতিক সংকটে ছিল। তাছাড়া নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতি সংকট তো ছিলোই। এ কারণে যুদ্ধের আগে একটা বিক্ষোভ দানা বেধে ওঠে। তবে বিদেশি হামলার ক্ষেত্রে নাগরিকরা নিজেদের সরকার ও দেশের মধ্যে পার্থক্য করে না। পরে যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে হামলা করল, তখন তা দেশের পক্ষে শক্তিশালী জাতিগত ঐক্য তৈরি করেছে।
বিভাজন কৌশলের সীমাবদ্ধতা প্রমাণিত
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার ফলে ইরানে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে, এটা সত্য। কুর্দি সশস্ত্র সংগঠনগুলো এখনও সীমান্তের ওপারে সক্রিয় রয়েছে। বাইরের শক্তিগুলো এখনও তাদেরকে ব্যবহার করতে পারে। এমনকি দীর্ঘস্থায়ী যুদ্ধ স্থানীয় পরিস্থিতিকে অপ্রত্যাশিতভাবে বদলে দিতে পারে। তবে সংঘাতের প্রথম ধাপ ইতোমধ্যেই দেখিয়ে দিয়েছে, শুধু জাতিগত বৈচিত্র্যতার ওপর নির্ভর করে ইরান রাষ্ট্রকে ভেঙে ফেলার কৌশল কাজ করবে না। বরং উল্টো পরিস্থিতি তৈরি হতে পারে। ইতোমধ্যে একটি অভিন্ন জাতীয় পরিচয়ের অনুভূতি ইরানে আরও জোরদার হয়েছে। সূত্র: এপি, দ্য ক্রাডল, সৌজন্যে সমকাল