জগন্নাথপুর২৪ ডেস্ক::
দিরাইয়ে দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ইসলাম উদ্দিন (৫৫) নামের একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা নিহত ইসলাম উদ্দিন ও আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
দিরাই হাসপাতাল সূত্র জানিয়েছে, ইসলাম উদ্দিন হাসপাতালে আনার আগেই মারা গেছেন, তিনি সাকিতপুর গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- সাকিতপুর গ্রামের আব্দুস সাহিদের ছেলে আইবুর রহমান (৬০), আলী মিয়ার ছেলে এমেল মিয়া (২৬), আলিম উদ্দিনের ছেলে সোহান (১৮), জাবিদ উল্লার ছেলে আজিমুল মিয়া (৬৫)। গুরুতর আহত আইবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জানা যায়, সংর্ঘষের ঘন্টাখানেক আগে দুই বন্ধু সাকিতপুর গ্রামের সাজ্জুল মিয়ার পক্ষের সাইদুর রহমান ও মাসুক মিয়ার পক্ষের শাহীনুর মিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ৪ জন আহত হন। নিহতের পরিবার জানায় সংঘর্ষের শেষের দিকে স্থানীয় টানাখালি বাজার থেকে মাসুক মিয়ার চাচাতো ভাই ইসলাম উদ্দিন বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয়।
দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাস্থলে আছি, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।