Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দ্বীপশিখা পদক পেলেন জগন্নাথপুরের সমাজকর্মী শাহিনুর

প্রেস বিজ্ঞপ্তি:
সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তরুণ সমাজকর্মী মোঃ শাহিনুর রহমান অর্জন করেছেন মর্যাদাপূর্ণ “দ্বীপশিখা পদক ২০২৫”।
গত ১৪ নভেম্বর রাজধানীর বাংলা মোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে বিশ্ববাংলা সাহিত্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। দেশের মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং তরুণ সমাজকে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার ভূমিকা বিশেষভাবে মূল্যায়ন করে সংগঠনটি এ পদক প্রদান করে।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সোহরাব হোসেন অনন্ত মৈত্রী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড. শামসুল ইসলাম আরেফিন।
সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে মোঃ শাহিনুর রহমানের নিরলস প্রচেষ্টা বিভিন্ন স্তরে প্রশংসিত হয়েছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানবিক সহায়তার মতো নানা উদ্যোগে তিনি জড়িত থেকে জগন্নাথপুরসহ আশপাশের এলাকায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে সমাজকর্মী মোঃ শাহিনুর রহমান বলেন—“দ্বীপশিখা পদক অর্জন আমার জন্য অনুপ্রেরণার নতুন পথ। এটি শুধু আমার ব্যক্তিগত সম্মান নয়; এটি পুরো জগন্নাথপুরবাসীর প্রাপ্তি। মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের মূল অঙ্গীকার।”

Exit mobile version