জগন্নাথপুর২৪ ডেস্ক::
প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য অন গ্রাউন্ড ডিউটিতে থাকবে। এদের মধ্যে তিনজন থাকবেন অস্ত্রধারী উল্লেখ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এনডিসি, পিএসসি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আজ হাজিরা প্যারেডের মাধ্যমে সকলকে একইভূত করেছি। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য অন গ্রাউন্ড ডিউটিতে থাকবে। এদের মধ্যে তিনজন অস্ত্রধারী থাকবেন। অস্ত্রধারীদের একজন প্রিজাইডিং অফিসারের সাথে এবং দুইজন সেকশন টুআইসির সাথে থাকবে। বাকী ১০ জনের মধ্যে ৬ জন পুরুষ এবং ৪ জন নারী।
সোমবার বিকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আনসার ভিডিপি সমাবেশ ও হাজিরা প্যারেডে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার মধ্যে ৮টি উপজেলা হাওর বেষ্টিত। জেলার ৫টি সংসদীয় আসনে ২০ লক্ষ ৮০ হাজার ৩৩৫ জন ভোটার এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলায় ভোটকেন্দ্র রয়েছে ৭২০টি। সে হিসেবে জেলায় ৯ হাজার ৩৬০ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। এদের মধ্যে ২ হাজার ১৬০ জন অস্ত্রধারী।
ভোট কেন্দ্রে গন্ডগোল হলে দুইজন এন্ডইউজার ছবি ও ভিডিও তুলে আমাদের রেসপন্ড গ্রুপে আপলোড করবে ও লোকেশন শেয়ার করবে জানিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এনডিসি, পিএসসি বলেন, এই গ্রুপের আনসার স্টাইকিং ফোর্স, বিজিবি, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সাথে সাথে রেসপন্স করবে। এই নির্বাচন যেন সুন্দর হয় সেজন্য সমন্বিতভাবে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, ট্রেনিং ও প্রশিক্ষণপ্রাপ্তদের যাচাই-বাছাই করে আমরা নিয়েছি। আনসার সদস্যরা তাদের কাজ ভালোভাবে জানেন। জাতির আশা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন, সেটা আমরা বাস্তবায়ন করবো। দেশের ৪২ হাজার ৭৭৯ কেন্দ্রে ১৩ জন করে ৫ লক্ষ ৬০ হাজার প্রশিক্ষিত জনবল থাকবে।