1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

ভোট গণনায় দেরি হলে প্রতিরোধ করতে হবে: তারেক রহমান

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ভোট গণনা করতে দেরি হবে—এমন শঙ্কা প্রকাশ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট গণনায় দেরি করার অসিলা দিয়ে যদি কেউ সুযোগ নিতে চায়, তাহলে প্রতিরোধ করতে হবে। গতকাল সোমবার বিকেলে যশোরের উপশহরে বিরামপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে গতকাল দুপুরে খুলনার খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে এক সমাবেশে কোনো নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, ‘ওই রাজনৈতিক দলটি নারীদের সম্মান করতে জানে না। যাদের নেতা আজ বাংলাদেশের নারীদের একটি খারাপ কিছুর সঙ্গে তুলনা করেছেন, তারা বলে ইসলাম কায়েম করবে।
ধর্ম ব্যবসায়ীদের কাছে দেশের নারীরা নিরাপদ নয়; এ দেশের মানুষ নিরাপদ নয়। যারা দেশের নারীসমাজকে হেয় প্রতিপন্ন করছে, এরাই আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি কাজ করে শুধু দেশকে পুনর্গঠনের জন্য। দেশ পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে নিয়ে এ দেশকে পুনর্গঠন করব।

বিএনপি চেয়ারম্যান গতকাল ঢাকা থেকে হেলিকপ্টারে খুলনা পৌঁছে হেলিপ্যাড থেকে মাঠে আসেন ১২টা ২৪ মিনিটে। এরপর ৩৮ মিনিট ভাষণ দেন তিনি। দুপুর আড়াইটার দিকে বিএনপি চেয়ারম্যান যশোরের সমাবেশে যোগ দেন।

সেখানে তারেক রহমান বলেন, ‘আমাদের সতর্ক হতে হবে, সজাগ থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে—ওই ষড়যন্ত্রকারীরা কোথায় কোথায় ওত পেতে বসে আছে।
সেখানেও আপনাদের জনগণকে সঙ্গে নিয়ে ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কোনোভাবেই ফায়দা না পায়। আমরা কি আগামী দিন বাংলাদেশকে গড়ে তুলে চাই? তাহলে আমরা একটিই কাজ করব—গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘এই নির্বাচনকে শুধু নির্বাচন হিসেবে দেখলে হবে না। নির্বাচনকে রাইট এবং রং-এর দিন হিসেবে দেখতে হবে। বাংলাদেশের মানুষ অতীতে কখনো ভুল করেনি।

সব সময় তারা দেশপ্রেমিকদের সমর্থন দিয়েছে। তাই আমরাও আত্মবিশ্বাসী, বিএনপি ১২ ফেব্রুয়ারিতে আপনাদের সমর্থন পাবে এবং আপনাদের সমর্থন নিয়ে বিএনপি কাজ শুরু করবে।’

তারেক রহমান বলেন, “এ দেশের মানুষ গত এক যুগ ধরে ভোট দিতে পারেনি, কিন্তু ভোট দেওয়ার অভিজ্ঞতা যে তাদের নেই, তা নয়। ১৯৯১ সাল, ১৯৯৬ সাল, ২০০১ সালে তারা ভোট দিয়েছে। ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে। ভোট গণনা করতে দেরি হবে, যদি কেউ এই উসিলা দিয়ে সুযোগ নিতে চায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। পারবেন? জনতার পক্ষ সমস্বরে সমর্থন এলে তিনি বলে, ‘ইনশাআল্লাহ’।”

যশোরের জনসভায় তারেক রহমান বলেছেন, দেশের অর্ধেক মানুষ নারী, এই বিশাল জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে, ঘরে বন্দি করে রেখে দেশের প্রকৃত উন্নয়ন ও সমৃদ্ধি করা সম্ভব নয়। অথচ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে নানা রকম মিথ্যা প্রচার চালিয়ে দেশের সহজ সরল মানুষকে বিভ্রান্ত করে তাদের ভোটাধিকার হরণের চেষ্টা করছে। এরা দেশের নারীসমাজকে হেয়প্রতিপন্ন করে নানা রকম বিকৃত কথাবার্তা বলছে। অথচ দেশের সার্বিক উন্নয়নে নারীসমাজের অবদান কম নয়।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ২২টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। তারেক রহমান ধানের শীষ প্রতীক হাতে নিয়ে এসব প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং তাঁদের পক্ষে জনগণের রায় প্রত্যাশা করেন।

দেশের গার্মেন্টস সেক্টরে কর্মরত নারীদের অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, এই নারীদের কর্মের কারণেই দেশের গার্মেন্টশিল্প আজ দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় রকমের অবদান রাখতে সক্ষম হচ্ছে। নারীরা কর্মমুখী হলে দেশ ও পরিবারের উন্নতি ঘটে। নবী করিম (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.)-এর প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, তিনি একজন কর্মজীবী মানুষ ছিলেন, তিনি ব্যবসায়ী ছিলেন।

আশেয়া (রা.)-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, বদরের যুদ্ধে মা আয়েশা (রা.) সার্বিকভাবে সহায়তা করেছিলেন। তিনি যুদ্ধাহত সাহাবিদের নিজে সেবাযত্ন করেছিলেন। আজকের আধুনিক নার্সিংসেবার উৎপত্তি সেখান থেকেই। তাই বিএনপি বিশ্বাস করে, দেশের প্রকৃত উন্নয়নসাধন করতে হলে দেশের নারী-পুরুষকে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে।

যশোরের সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এতে আরো বক্তব্য দেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ সদর আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগম, অমলেন্দু দাস অপু, আমিরুজ্জামান খান শিমুল, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরদার, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ।
সূত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com