কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা
সুরা : আনআম, আয়াত : ১১৫
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে
وَ تَمَّتۡ كَلِمَتُ رَبِّكَ صِدۡقًا وَّ عَدۡلًا ؕ لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖ ۚ وَ هُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۱۱۵﴾
সরল অনুবাদ
১১৫. আর সত্য ও ন্যায়ের দিক দিয়ে আপনার রব-এর বাণী পরিপূর্ণ। তাঁর বাক্যসমূহ পরিবর্তনকারী কেউ নেই। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
সংক্ষিপ্ত ব্যাখ্যা
সুরা আনআমের ১১৫ নম্বর আয়াতে বলা হচ্ছে যে, খবরা-খবর ও ঘটনাবলির দিক দিয়ে রবের বাণীসমূহ সত্য এবং আহকাম ও মাসায়েলের দিক দিয়ে তা ন্যায়পূর্ণ।
অর্থাৎ, তাঁর প্রতিটি আদেশ ও নিষেধ ন্যায় ও সুবিচারের উপর প্রতিষ্ঠিত। কারণ, তিনি এমন সব কথারই নির্দেশ দিয়েছেন; যেসবে আছে মানুষের লাভ ও কল্যাণ বিদ্যমান। আর সেই সব জিনিস থেকেই নিষেধ করেছেন; যেগুলোতে আছে মানুষের ক্ষতি ও অকল্যাণ। যদিও মানুষ স্বীয় অজ্ঞতা ও শয়তানের ধোকায় পতিত হওয়ার কারণে তা বুঝতে পারে না।
এরপর বলা হচ্ছে-এমন কেউ নেই যে, সে প্রতিপালকের কোনো বাক্য, বিধান বা নির্দেশে কোনো পরিবর্তন সাধন করতে পারে। কারণ, তাঁর চেয়ে অধিক শক্তির মালিক কেউ নয়।
আয়াতের শেষে বলা হয়েছে- তিনই একমাত্র বান্দাদের যাবতীয় কথাবার্তা শ্রবণকারী এবং তাদের প্রতিটি পদক্ষেপ ও সমস্ত কর্মকান্ড সম্পর্কে জ্ঞাত। আর এই অনুযায়ীই তিনি সকলকে প্রতিদান দেবেন।
সৌজন্যে কালের কণ্ঠ