1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
সামনের জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা সিলেটে জামায়াতে আমীর/রাজনৈতিক দাদাগিরি আর বরদাশত করা হবে না খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না: ডা. জাহিদ পেঁয়াজের দাম বাড়ল কেজিপ্রতি ৩৫ টাকা জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত ইসলাম ন্যায়বিচারে উৎসাহিত করে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল হোক: নাহিদ ইসলাম জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান, ফায়ার সার্ভিস না আসায় ক্ষুব্দ স্থানীয়রা

স্মরণীয় বরণীয় রাধারমণ

  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মনোরঞ্জন তালুকদার
আমার জন্ম হাওর অঞ্চলের অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ একটি গ্রামে। যেখানে মানুষের আনন্দের উপকরণ ছিল গান বাজনা ও যাত্রাপালা। বর্ষাকালে যখন গ্রামের চারিদিক অথৈ পানিতে থৈ থৈ করত তখন গ্রামের মানুষ নানা রকম ইনডোর খেলাধুলা আর গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতো। সন্ধ্যার পর গ্রামের একেক বাড়ি থেকে একেকদিন ভেসে আসতো সুমধুর সন্মিলিত নারী কন্ঠে ধামাইল গান। আমার কৈশোর কেটেছে ধামাইল গান শুনে শুনে। তখন জানতাম না কে এই গানের স্রষ্টা তবে অনুমান করতাম রাধারমণ নামের কেউ হবে হয়ত। কারন গানের শেষের দিকে সব গানে সবাই গাইতো ‘ভাইবে রাধারমণ বলে’ এই থেকেই আমার এমন মনে হওয়া। কিন্তু আমার কি সৌভাগ্য আমার কর্মজীবনের প্রায় ৩২ বছর কাটিয়েছি রাধারমনের জন্মস্থান কেশবপুর গ্রাম সংলগ্ন জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে।
রাধারমণ দত্ত ১৮৩৩ খ্রিস্টাব্দের ২৬ মে বর্তমান সিলেট বিভাগের অন্তর্গত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল রাধামাধব দত্ত পুরকায়স্থ এবং মাতার নাম সুবর্ণা দত্ত। তাঁর পিতা রাধামাধব দত্ত ছিলেন একজন বিদগ্ধ পন্ডিত এবং বৈষ্ণব সহজিয়া দর্শনে দীক্ষিত। তিনি বাংলা ও সংস্কৃত ভাষায় গ্রন্থ রচনা করেন এবং মহাকবি জয়দেবের ‘গীতগোবিন্দ’ কাব্যের বাংলা অনুবাদ ও টীকাভাষ্য রচনা করেছিলেন। পারিবারিক পরিমন্ডলেই রাধারমণ দত্ত সাহিত্য ও সঙ্গীত সাধনার সঙ্গে পরিচিত হন। তার এই পরিচিতি পরবর্তীতে সাধনায় পরিনত হয় এবং আমরা পাই সঙ্গীতের এক নতুন ধারা যা ধামাইল গান নামে পরিচিত।
গ্রাম বাংলায় উৎসবে, আনন্দে, অবসরে এই ধামাইল

গানের আয়োজন ছিল অবধারিত। হিন্দু বিবাহ অনুষ্ঠানে কিংবা যে কোন অবসর সন্ধ্যায় গ্রাম্য কন্যা-জায়া-জননীদের আনন্দ উদযাপনের সহজাত উপকরণ ছিল ধামাইল গান। আর এই জনপ্রিয় ধামাইল গানের জনক ছিলেন বৈষ্ণব সহজিয়া ধারার সাধক রাধারমণ দত্ত। প্রসঙ্গত উল্লেখ্য যে, বৈষ্ণব সহজিয়া মতবাদ বলতে যা বুঝায় তা হচ্ছে, এই দর্শনে নর-নারীর দৈহিক রূপের মধ্যেই রাধা-কৃষ্ণকে খুঁজা হয় এবং রাগানুরাগ ভজনের মাধ্যমে ‘সহজ মানুষ’ বা ঈশ্বর লাভের সাধনা করা হয়। তাঁর আপত সরল গানগুলোর গভীরে এই বৈষ্ণব সহজিয়া দর্শনের ছোঁয়া খুঁজে পাওয়া যায়।
রাধা-কৃষ্ণের বিরহ কেন্দ্রীক তাঁর রচিত ধামাইল গান শুধু সিলেট বিভাগেই নয় তার বাহিরে কাছাড়, ত্রিপুরা ও ময়মনসিংহ অঞ্চলে মাঙ্গলিক ও বিয়ের অনুষ্ঠানে অত্যান্ত জনপ্রিয় ও অপরিহার্য হয়ে উঠেছিল, এখনো সেই জনপ্রিয়তা অব্যাহত আছে এবং অনাগত সময়েও থাকবে।
রাধারমণ দত্ত সৃষ্ট এই জনপ্রিয় ধামাইল গানের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে গানের সাথে এক নতুন ধারার নৃত্য। যা ধামাইল নৃত্য নামে আমরা অভিহিত করতে পারি। ধামাইল গানে এই নৃত্যের সংযোজন একটি আলাদা মাত্রা যুক্ত করেছে ধামাইল গানে। যা এই গানকে হৃদয়গ্রাহী ও দর্শনধারী করেছে একই সাথে। গান যে শুধু শুনে আনন্দ উপভোগের উপকরণ নয় বরঞ্চ শুনা ও দেখার মাধ্যমে আনন্দ আরো অধিক মাত্রায় অনুভূত হয় তা ধামাইলগান স্বচক্ষে না দেখলে উপলব্ধিতে আসবে না।ধামাইল গানের নৃত্যরীতি বাংলাদেশ কিংবা উপমহাদেশের অন্য কোন জনপ্রিয় নৃত্যধারার প্রভাবে রচিত হয়নি তবে কোন কোন ক্ষেত্রে মণিপুরী নৃত্যের সাথে কিছুটা মিল পাওয়া যায় যদিও ধামাইল গানে যে নৃত্য ব্যবহৃত হয় তার কোন সুনির্দিষ্ট প্রয়োগরীতি নেই।
তাঁর গানের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি তার মাতৃভাষা তথা সিলেট অঞ্চলের আঞ্চলিক ভাষার প্রয়োগ করেছেন তাঁর গানে। দুটো উদাহরণ।
১. ভ্রমর কইও গিয়া (কইও)
২. আমারে আসিবার কথা কইয়া (কইয়া)
তাঁর গানের মূল ভিত্তি রাধা-কৃষ্ণের প্রেম লীলা, বিরহ, মান-অভিমান এবং অনুরাগ। একদিকে যেমন কৃষ্ণ বিরহের তীব্র আকুতির আকুলতা তাঁর গানের উপজীব্য অন্যদিকে মানব দেহ ও তার ভেতরের রহস্য, সৃষ্টিতত্ত্ব, সেই দেহের মধ্যে স্রষ্টাকে খোঁজার সাধনার কথাও এসেছে তাঁর গানের উপজীব্য হিসেবে।
একটি উদাহরণ
গুরু উপায় বলো না-
গৌরাঙ্গ মহাপ্রভু ভাবান্দোলন মাধ্যমে ভাব, আবেগ আর ভক্তিতে মুক্তির যে পথ উন্মুক্ত করেন রাধারমণ দত্ত ছিলেন এই ধারার উত্তর পুরুষ।
এই মতবাদের মূল দর্শন হচ্ছে, রাধা-কৃষ্ণের প্রেম লীলা কেবল একটি রোমান্টিক গল্প নয়, এর গভীরে রয়েছে গভীর আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা। বৈষ্ণব ধর্মতত্ত্বের মূল ভিত্তি গুলোর মধ্যে অন্যতম হলো জীবাত্মা ও পরম আত্মার মিলন। যেখানে রাধা হলেন জীব আত্মার প্রতীক, যা প্রতিটি জীবের আত্মার প্রতিনিধিত্ব করে অন্যদিকে কৃষ্ণ হলেন পরমাত্মা বা স্বয়ং পরমেশ্বর ভগবান, যার প্রতি জীবাত্মার চিরন্তন আকর্ষণ। রাধা ও কৃষ্ণের প্রেমলীলা সেই আত্মার ব্যাকুলতা ও পরমেশ্বরের সাথে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষাকেই বোঝায়। এটিই হলো মোক্ষ বা ঈশ্বরপ্রাপ্তির পথ। এককথায় রাধা-কৃষ্ণের প্রেম হলো ভক্তির সর্বোচ্চ এবং বিশুদ্ধতম রূপ। রাধার নিঃস্বার্থ, শর্তহীন ও সর্বব্যাপী প্রেম শিক্ষা দেয় যে, প্রেম কোন পার্থিব বন্ধন মানে না এবং সমস্ত জাগতিক বন্ধন অতিক্রম করে ঈশ্বরকে লাভ করা যায়। বাংলার সনাতন সাধন ধারার অন্যতম ধারা তান্ত্রিক ধারার কঠোর রীতি-পদ্ধতির বিপরীতে শ্রী চৈতন্যদেব যে সার্বজনীন ভাববাদকে আরাধনার মূল উপজীব্য করে সমাজে প্রেমভাবের উদ্ভোদন করেন তার বন্যায় প্লাবিত হয়েছিল প্রায় সকল মানুষ। এমন সহজ সাধনায় আরাধ্য দেবতা ভজনার বিষয়টিকে মানুষ গ্রহণ করেছে স্বতঃস্ফূর্ত ভাবে নিজ উদ্যোগে। তারই প্রেক্ষিতে বাংলার লোক সঙ্গীতের ধারায় বৈষ্ণব ভাবরসকে আশ্রয় করে যে সকল কবি পদাবলি, ভজনগীতি, ভক্তিগীতি রচনা করেছেন তারমধ্যে রাধারমণ দত্ত অন্যতম। বৈষ্ণব কবি রাধারমণ দত্ত আমাদের লোকসংগীত ও সাধনায় যুক্ত করেছেন নতুন রস।
রাধারমণ দত্তের গান স্নিগ্ধ, মায়াবী ও বিরহকাতর। শুধু তাই নয় তাঁর গান মন ও মননে, জগৎ ও জীবনে মুক্তির আকাঙ্খা কে জাগিয়ে উদ্ভোদন ঘটায় পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের আকুতিকে। তাঁর রেখে যাওয়া গানে চিরকালীন আকুলতার যে প্রতিধ্বনি উচ্চারিত হয়েছে তা বাঙালির আনন্দ-বেদনা, মন ও মননে, প্রীতি ও আরতিতে, ভক্তি আর ভাবে এবং বিরহ-বেদনায় চেতনার পরতে পরতে অন্তসলিলা ফল্গুধারার মত চির প্রবাহমান।
রাধারমণ দত্ত ছিলেন এক দুঃখময় জীবনের প্রতিভূ। বিরহ-বেদনা, বিয়োগ যাতনা তাঁর জীবনে এসেছে বার বার। মাত্র ৮ বছর বয়সে জীবন শুরুর প্রারম্ভ কালেই হন পিতৃহারা। মায়ের স্নেহের ছায়াতলে শুরু হয় জীবনের পথ চলা। কিন্তু সে সুখও স্থায়ী হয়নি। স্ত্রী গুণময়ী দেবী ও তিন পুত্র সন্তানের অকাল মৃত্যুর দহন যাতনা থেকে মুক্তি পেতে বৈরাগ্যকে জীবনের অবলম্বন করেছিলেন। মৌলভীবাজার জেলার ঢেউপাশা গ্রামের সাধক রঘুনাথ ভট্টাচার্যের শিষ্যত্ব গ্রহণ করে বৈষ্ণব হয়ে রাধা ভাবে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে সৃষ্টি করেন কাল উত্তীর্ণ অনেক বিচ্ছেদ গান। এরপর নিজ গ্রামের পাশে নলুয়ার হাওরে পর্ণকুঠির তৈরি করে সাধন- ভজনে মগ্ন হন। এই পর্ণকুঠিরেই চলে তার পরবর্তী ত্রিশ বছরের সাধন ভজন।
রাধারমণ ছিলেন ভক্ত ও ভাববাদী। তাঁর ভক্তি ও ভাব দিয়ে রচিত সঙ্গীতের মাধ্যমে যে পরমার্থের সন্ধান তিনি করেছেন সেই পরমার্থের সঙ্গেই তিনি লীন হন ১০ নবেম্বর বা ২৬ কার্তিক ১৯১৫ খ্রিস্টাব্দ (১৩২২ বঙ্গাব্দ)।
বৈষ্ণব মতবাদের অনুসারী হওয়ায় তাঁর দেহ ভস্মীভূত না করে পৈত্রিক ভিটায় সমাহিত করা হয়। এই মহাপ্রাণের ১১০তম মহাপ্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা।

লেখক:সহকারী অধ্যাপক (অবঃ)
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com