স্টাফ রিপোর্টার::
আজ ১ সেপ্টেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ গণহত্যা দিবস। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এ উপজেলায় দুটি বড় গণহত্যা সংগঠিত হয়। এটি দ্বিতীয় বৃহৎ গণহত্যা। এর আগের দিন ৩১ আগষ্ট উপজেলার শ্রীরামসি গ্রামে বর্বরোচিত গণহত্যা সংঘটিত হয়েছিল। এ দুই নৃশংস গণহত্যার ঘটনা আজও উপজেলাবাসী স্মরণ করেন। ইতিহাস মতে, ১৯৭১ সালের ১ সেপ্টেম্বর পাক হানাদারবাহিনী তাদের স্থানীয় দোসরদের সহায়তায় প্রাচীনতম নৌবন্দর হিসেবে খ্যাত কুশিয়ারা নদীর তীরে অবস্থিত রানীগঞ্জ বাজারে গণহত্যা চালায়। কুশিয়ারা নদীর স্রোতে ভেসে যায় লাশের পর লাশ। নদীর পানি রক্তে লাল হয়। নিরীহ মানুষকে হত্যার পর পেট্রল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় পুরো রানীগঞ্জ বাজার। ইতিহাস থেকে আরও জানা যায়, ৭১ সালের এই দিনে শান্তি কমিটি গঠনের কথা বলে স্থানীয় রাজাকাররা বাজার ব্যবসায়ী, বিভিন্ন গ্রাম থেকে আসা লোকজন, বড় বড় নৌকার মাঝিসহ ক্রেতা-বিক্রেতাদের বাজারের একটি বড় দোকানে জমায়েত করে। সেদিন সেখানে প্রায় দুই শতাধিক মানুষকে জড়ো করে কোনো কিছু বুঝে ওঠার আগেই সকলকে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় কুশিয়ারা নদীর তীরে। সেখানে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পেছন দিক থেকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। ইতিহাসের বর্বর এই নারকীয় তাণ্ডবে অন্তত দুই শতাধিক লোক শহীদ হলেও হত্যাযজ্ঞের পর ৩৪ জনের নাম-পরিচয় পাওয়া যায়। অন্যদের পরিচয় আজও পাওয়া যায়নি। বর্বরোচিত ওই গণহত্যা এখনও কাঁদায় রানীগঞ্জবাসীকে। রানীগঞ্জ গণহত্যা দিবসে প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। শহীদ গাজী ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন ২০০৩ সাল থেকে প্রতিবছর রানীগঞ্জ গণহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারো দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।

