Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

জগন্নাথপুর২৪ ডেস্ক::
‘কালো রাজপথ যেন মনে হয়
হাজার হাজার পলাশ হয়ে চেয়ে রয়
সে কোন জাদুকর পথের উপর ফুটিয়েছে রক্ত পলাশ
বুকের রুধিরে পাষাণ ঘিরে রেখে গেছে ইতিহাস
রেখে গেছে দুঃখিনী মায়ের পরিচয়
মায়ের দু’চোখে সে কোন পলকে বয়ে গেছে অশ্রু নদী
সে নদী এসে মিলেছে শেষে রক্ত পলাশ অবধি
রেখে গেছে হারানো প্রাণের বিনিময়।’

গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও সুজেয় শ্যামের সুরে এই গানের প্রতিটি ছত্রে বাঙালির বুকের গভীরে অনুরণিত হয় বায়ান্নর একুশে ফেব্রুয়ারির সেই ‘ভাই হারানোর জ্বালা’। তীব্র বেদনা ও আত্মত্যাগের অহংকারের সঙ্গে ভাষার গৌরব সুপ্রতিষ্ঠিত করার অনন্য এক দিন আজ। রক্ত-পলাশের ফাগুনের এমনই এক আগুন-ঝরা দিনে মায়ের ভাষায় কথা বলার দাবিতে রাজপথ রাঙানোর সেই স্মৃতি, রক্তস্নাত ভাষা আন্দোলনের সেই স্মৃতিবহ মহান শহীদ দিবস অমর একুশে ফেব্রুয়ারি আজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর দিন। সব পথ এসে আজ মিলে যাবে জাতির এক অভিন্ন গন্তব্যে, ভালোবাসার শহীদ মিনারে। হাতে হাতে বসন্তের সদ্য ফোটা ফুলের স্তবক, কণ্ঠে নিয়ে চির অম্লান সেই গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’
বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের প্রতিটি অধ্যায়েই জড়িয়ে রয়েছে একুশের প্রেরণা। ধর্ম-বর্ণ-গোত্র-দল-মত নির্বিশেষে উদযাপন করার মতো এমন কালজয়ী দিন এ দেশে দ্বিতীয়টি নেই। প্রিয় মাতৃভাষার মর্যাদা-অধিকার রক্ষা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত অগণিত শহীদের রক্তে রঞ্জিত দিবসটি বরাবরের মতো এবারও শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ ও পালন করবে জাতি। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো আজ।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (১৩৫৮ বঙ্গাব্দের ৮ ফাল্গুন) দিনটিতে ‘বাংলা’কে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র-যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠীর চোখ রাঙানি ও প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। মায়ের ভাষা বাংলা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলে। সেদিন ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় সালাম, জব্বার, শফিউর, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রথম দৃষ্টান্ত এই ঘটনা।

ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
……
প্রভাতফেরীর মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।
……….’
(একুশের কবিতা : আল মাহমুদ)
ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের সংগ্রামের সূচনা ঘটে এবং মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি পায়। ইউনেস্কো মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও দিবসটি পালিত হচ্ছে।

শিক্ষাবিদ সরদার ফজলুল করিম তার ‘বায়ান্নর ও আগে’ এক প্রবন্ধে লিখেছেন, ‘বরকত, সালামকে আমরা ভালবাসি। কিন্তু তার চেয়েও বড় কথা বরকত, সালাম আমাদের ভালবাসে। ওরা আমাদের ভালবাসে বলেই ওদের জীবন দিয়ে আমাদের জীবন রক্ষা করেছেন। ওরা আমাদের জীবনে অমৃতরসের স্পর্শ দিয়ে গেছে। সে রসে আমরা জনে-জনে, প্রতিজনে ও সমগ্রজনে সিক্ত।’
বরেণ্য শিক্ষাবিদ আবুল ফজল একুশ নিয়ে তার এক লেখায় লিখেছেন ‘মাতৃভাষার দাবি স্বভাবের দাবি। ন্যায়ের দাবি, সত্যের দাবি-এ দাবির লড়াইয়ে একুশে ফেব্রুয়ারির শহীদরা প্রাণ দিয়েছেন। প্রাণ দিয়ে প্রমাণ করেছেন, স্বভাবের ব্যাপারে, ন্যায় ও সত্যের ব্যাপারে কোন আপস চলে না, চলে না কোন গোঁজামিল। জীবন-মৃত্যুর ভ্রকুটি উপেক্ষা করেই হতে হয় তার সম্মুখীন।’

বাঙালির জীবনে যে অসাম্প্রদায়িক, মানবতাবাদী, ভাষাভিত্তিক জাতীয়তার উন্মেষ ঘটেছিল তার প্রভাব পড়েছে একুশের সাহিত্যে। বাঙালি ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদের ভাষা হয়েছে একুশের সাহিত্য। বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিসত্তার প্রতি গভীর মমতার উন্মেষ ঘটিয়েছে তা। একুশের সাহিত্যের মাধ্যমেই ফুটে উঠেছে আমাদের জাতিসত্তার পরিচয়, লিপিবদ্ধ হয়েছে আমাদের ইতিহাসের গৌরবগাথা।
আর তাই তো নতুন প্রজন্মের কাছে কবি আবদুল মান্নান সৈয়দ আহবান জানিয়েছেন ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণে রাখার জন্য। কবির ‘একুশে ফেব্রুয়ারি’ কবিতায়

‘হে নতুন প্রজন্ম!
ভুলে যেয়ো না সেইসব কিশোরের কথা
যারা একদিন কচি গলায়
বাংলাদেশের সব শহরের রাস্তায় রাস্তায়
অজস্র কৃষ্ণচূড়া আর পলাশ ফুলের গন্ধে
ফুটিয়ে তুলেছিলো আরেক রকম রক্ত-লাল-ফুল;
রাষ্ট্রভাষা বাংলা চাই!’

আজ ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে দিনব্যাপী কর্মসূচি পালন করবে।

Exit mobile version