জগন্নাথপুর২৪ ডেস্ক::
দেশে আপাতত ভোজ্য তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্য তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জনগণের কথা ভেবে আপাতত ভোজ্য তেলের দাম বাড়ানো হচ্ছে না। দেশে কোনো পণ্যেরই দাম বাড়াতে চায় না সরকার। তিনি বলেন, এ সময় দেশের মানুষ মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ বৈশ্বিক নানা কারণে শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, এর মধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেটিকে লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেবো।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, এটা স্বাভাবিক। কিন্তু বলার মতো কোনো কিছু হয়নি। যদিও বাজারে কিছু কিছু ব্র্যান্ডের তেলের সরবরাহ কম রয়েছে।
তিনি বলেন, ভোজ্য তেল নিয়ে আমরা নিয়মিত বসি। এটি একটি সংবেদনশীল পণ্য। এটির দাম বাড়লে ক্রেতারা নাখোশ হোন। এজন্য নিয়মিত বিরতিতে আমরা দেশের তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি পর্যালোচনা করি। তবে এ বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কোনো কিছু হয়নি।
গত ৯ই এপ্রিল থেকে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন। তার কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তারা এ প্রস্তাব দিয়েছিল।
বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে দাম না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
এদিকে, অনুষ্ঠিত দুদফা বৈঠকে দেশের তেল সরবরাহকারীদের দাম না বাড়িয়ে মুনাফা সমন্বয়ের জন্য কিছু বাড়তি সুবিধা দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কি ধরনের সুবিধা দেয়া হবে সে বিষয়টি চূড়ান্ত হয়নি। সূত্র-মানব জমিন

