ইসলাম এমন এক পরিপূর্ণ জীবনব্যবস্থা, যার প্রতিটি দিক আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। ইবাদত থেকে শুরু করে চরিত্র, আচার-আচরণ ও জীবনযাপনের প্রতিটি স্তরে ইসলামের নির্দেশনা সুস্পষ্ট ও সুসংগঠিত। ইবাদতের ক্ষেত্রে এ দ্বীনে মানুষের নিজস্ব রুচি, আবেগ কিংবা মনগড়া চিন্তার কোনো স্থান নেই। কারণ যে দ্বীন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, সেখানে নতুন কিছু সংযোজন মানেই আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর নির্ধারিত সীমা অতিক্রম করা।
কিন্তু সময়ের আবর্তনে, অজ্ঞতা ও অতিরিক্ত আবেগের সুযোগে ইসলামের নামেই এমন অনেক কাজ চালু হয়ে গেছে, যেগুলোর কোনো ভিত্তি কোরআন ও সুন্নাহতে নেই। মানুষ সেগুলোকে ইবাদত মনে করে পালন করছে, সওয়াবের আশায় তাতে মগ্ন হচ্ছে। অথচ নিজের অজান্তেই সে দ্বীনের বিশুদ্ধ রূপকে বিকৃত করছে। এই ভ্রান্ত প্রবণতার নামই হলো বিদআত।
বিদআত এমন এক নীরব ব্যাধি, যা প্রকাশ্য গুনাহের মতো চোখে পড়ে না। এটি ইবাদত ও নেককাজের পোশাক পরে মানুষের অন্তরে প্রবেশ করে। ফলে মানুষ ভুলকে ভুল হিসেবে চিনতেই পারে না। এ কারণেই রাসুলুল্লাহ (সা.) বিদআত সম্পর্কে সবচেয়ে কঠোর ভাষায় সতর্ক করেছেন এবং উম্মতকে সুন্নাহ আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন।
আজ আমাদের সমাজে যখন বহু ধর্মীয় বিভ্রান্তি ও বিভাজন দেখা যায়, তখন বিদআতের স্বরূপ ও তার ভয়াবহ পরিণতি জানা প্রতিটি সচেতন মুসলমানের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। কেন বিদআত এত মারাত্মক? কীভাবে এটি আমল ধ্বংস করে এবং মানুষকে ভ্রষ্টতার দিকে ঠেলে দেয়? ইসলামের দৃষ্টিতে এর পরিণতি কী? নিজের ইমান, আমল ও আকিদা রক্ষায় এসব বিষয় সম্পর্কে আমাদের সুস্পষ্ট জ্ঞান রাখা অত্যাবশ্যক।
বিদআত সম্পর্কে সতর্কবার্তা
বিদআত খুবই গর্হিত ও জঘন্যতম অপরাধ। কোরআন ও হাদিসে বিদআতের ব্যাপারে সুস্পষ্ট সতর্কবার্তা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম।’ (সুরা মায়েদা: ৩)। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হে লোক সকল, জান্নাতের নিকটবর্তীকারী এবং জাহান্নাম থেকে দূরকারী এমন কোনো জিনিস নেই, যা আমি তোমাদের করতে আদেশ করিনি। আর জাহান্নামের নিকটবর্তীকারী এবং জান্নাত থেকে দূরকারী এমন কোনো জিনিস নেই, যা আমি তোমাদেরকে করতে নিষেধ করিনি।’ (শুআবুল ইমান, বায়হাকি: ১০৩৭৬)
যে দ্বীন আল্লাহ তাআলা নিজেই পরিপূর্ণ ঘোষণা করেছেন এবং নবী করিম (সা.) যে দ্বীনের সকল বিষয়ে জানিয়েছেন, তাতে নতুন কিছু সংযোজনের দাবি মূলত আল্লাহর এই ঘোষণাকে প্রশ্নবিদ্ধ করার শামিল।
রাসুলুল্লাহ (সা.) বিদআত সম্পর্কে অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়েছেন। হজরত আয়েশা সিদ্দিকা (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের এই দ্বীনে এমন কিছু সংযোজন করল, যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত।’ (সহিহ বুখারি: ২৬৯৭)। আরেক হাদিসে হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো বিদআত, প্রতিটি বিদআতই ভ্রষ্টতা, আর প্রতিটি ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম।’ (সহিহ মুসলিম: ৮৬৭)
বিদআতের ভয়াবহ পরিণতি
প্রথমত, বিদআতের সবচেয়ে ভয়ংকর দিক হলো, বিদআতপূর্ণ আমল করতে যত কষ্টই হোক এবং যত আন্তরিকতাই থাকুক, আল্লাহ তাআলা সে আমল কবুল করেন না। কারণ ইবাদত কবুলের শর্ত হলো ইখলাস ও সুন্নাহর অনুসরণ। সুন্নাহ পরিপন্থী কোনো আমল কবুলযোগ্য না।
দ্বিতীয়ত, যখন কোনো সমাজে বিদআত চালু হয়, তখন ধীরে ধীরে সে সমাজে সুন্নাহ অবহেলিত হয়ে পড়ে। মানুষ সহজ ও মনগড়া আমলে অভ্যস্ত হয়ে যায়, আর নবীজি (সা.)-এর সুন্নাহ থেকে বিস্মৃত হয়ে যায়।
তৃতীয়ত, রাসুলুল্লাহ (সা.) বিদআতকে সরাসরি ভ্রষ্টতা বলেছেন। কারণ বিদআত মানুষকে ধাপে ধাপে আকিদাগত বিভ্রান্তির দিকে নিয়ে যায়। অনেক বড় বড় গোমরাহ ফিরকা বিদআতের পথ ধরেই জন্ম নিয়েছে।
চতুর্থত, বিদআত মুসলিম সমাজে দলাদলি ও বিভক্তি সৃষ্টি করে। প্রতিটি দল নিজেদের মনগড়া আমলকে হক মনে করে, অন্যকে বাতিল সাব্যস্ত করে। ফলে উম্মাহর ঐক্য বিনষ্ট হয়। এ ছাড়া বিদআত শয়তানের সবচেয়ে প্রিয় আমল। শয়তানের কাছে বিদআত গুনাহের চেয়ে বেশি প্রিয়। কারণ গুনাহ থেকে তওবা করা হয়। গুনাহকারী জানে সে ভুল করছে, তাই একদিন অনুতপ্ত হয়ে ফিরে আসতে পারে। কিন্তু বিদআত থেকে তওবা করা হয় না। বিদআতকারী নিজের কাজকে ইবাদত মনে করে, তাই সে তওবা করার কোনো প্রয়োজনবোধ করে না।
বিদআত বাহ্যিকভাবে সুন্দর ও আকর্ষণীয় মনে হলেও এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। একজন মুমিনের তাই কর্তব্য হলো, নবী করিম (সা.) যে দ্বীন রেখে গেছেন, ঠিক সেই দ্বীনের ওপর অটল, অবিচল ও দৃঢ় থাকা। নতুন কিছুর সংযোজন না করে বিশুদ্ধ সুন্নাহর অনুসরণেই রয়েছে দুনিয়া ও আখিরাতের সার্বিক সফলতা।
সৌজন্যে আজকের পত্রিকা.কম