Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান

জগন্নাথপুর২৪ ডেস্ক::
এ দেশ এগিয়ে যাবে যুবকদের হাত ধরে, এ দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই, এটা মুখের কথা নয়, এটা আমাদের বুকের কথা। সব ধর্ম-বর্ণের মানুষদের বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই। চা শ্রমিক সন্তানদের জন্য সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে চাই বলে ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ১২টায় মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এ সময় জামায়াত আমির বলেন, যারা বুক চিতিয়ে এ দেশকে নতুন করে অবস্থান তৈরি করে দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াত ভবিষ্যতে আপসহীনভাবে কাজ করবে।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের আইন সবার জন্য সমান নয়। যার প্রভাব আছে, যার অর্থ আছে, আইন তার পক্ষে কথা বলে। আমরা ওই আইনকে মাটির নিচে পাঠাতে চাই। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি দূর করব।

তিনি আরও বলেন, ১২ তারিখে প্রথম ভোট হবে গণভোট। ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি। ইনশাআল্লাহ, সারাদেশবাসী ‘হ্যাঁ’-কে বিজয়ী করবে। তাহলে বাংলাদেশ রাস্তা খুঁজে পাবে। নতুন বাংলাদেশের জন্ম হবে ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে। সেই নতুন বাংলাদেশ চালানোর জন্য ইনসাফভিত্তিক একটা রাষ্ট্র কাঠামো আমাদের লাগবে। ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে সব নাগরিকের যেখানে কোনো বৈষম্য থাকবে না উল্লেখ করে বক্তব্য শেষ করেন জামায়াত আমির।

এর আগে ডা. শফিকুর রহমান মৌলভীবাজার-১ ও মৌলভীবাজার-২ আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন এবং তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে আহ্বান জানান।

জেলা জামায়াত আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী। এছাড়াও সভায় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Exit mobile version