জগন্নাথপুর২৪ ডেস্ক:
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার মজুমদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের উপর অবস্থানরত ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের ৭ জন নিহত হন। আহত হন আরও ৬ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো থানায় রাখা আছে।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সূত্র-বাংলাদেশ প্রতিদিন

