Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জকিগঞ্জে কীর্তন চলাকালে পাশাপাশি দুই ঘরে আগুন আতঙ্ক

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসাহ ইউনিয়নের পূর্ব নীলাম্বরপুর গ্রামে বার্ষিক অষ্টপ্রহর হরিনাম কীর্তন চলাকালে পাশাপাশি দুটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা প্রায় ৭টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, মিশন মালাকারের বাড়িতে কীর্তনের শুভ অধিবাস চলছিল। এ সময় পাশের ঘরে মতন মালাকার ও নিন্ট মালাকারের ঘরে প্রায় সাত মিনিটের ব্যবধানে আগুন লাগে। খবর পেয়ে জকিগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কীর্তনে অংশ নেওয়া ভক্ত ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

গ্রামবাসীর ধারণা, কীর্তন অনুষ্ঠান বানচাল করা বা আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই আগুন দেওয়া হতে পারে। ঘটনার পর থেকে হিন্দু অধ্যুষিত ওই এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কীর্তন চললেও ভক্তদের মধ্যে স্বাভাবিক আনন্দ-উৎসবের আবহ লক্ষ্য করা যায়নি।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিজ (এইচআরসিবিএম)-এর সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর রাকেশ রায়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজখবর নেন।

কীর্তন কমিটি সূত্রে জানা গেছে, ঘটনার পরও অনুষ্ঠান চলমান রয়েছে। আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে দধিভাণ্ড ভাঙার মধ্য দিয়ে অষ্টপ্রহর কীর্তন শেষ হওয়ার কথা রয়েছে।

তবে ভয় ও নিরাপত্তাহীনতার কারণে এখন পর্যন্ত কেউ মামলা করতে রাজি হয়নি বলে জানিয়েছেন কীর্তন কমিটির সভাপতি রিংকু মালাকার। তিনি বলেন, “আমরা কাউকে দেখিনি। কার বিরুদ্ধে মামলা করব, সেটাই বুঝতে পারছি না।”

এ বিষয়ে বক্তব্য জানতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের সঙ্গে সরকারি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।অ

Exit mobile version