স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক যুক্তরাষ্ট্র প্রবাসী নিজের ৪২ বছরের দখলীয় মৌরসি মালিকানা বেদখল হওয়ায় জমি উদ্ধারে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলার রায় পেয়েছেন। গত ১৩ এপ্রিল
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নতুন ভূমি আইনে উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে প্রবাসীর বেদখলকৃত জমি ১৫ দিনের মধ্যে দখল হস্তান্তর করতে আদেশ দেন।
জানা গেছে, উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ শাহনুর বকস পীর অবৈধ দখল প্রতিরোধ ও দখল পুনরুদ্ধারের জন্য গত বছরের ৫ নভেম্বর জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইড সুনামগঞ্জে হামিদপুর গ্রামের মোহাম্মদ আরজ খান,আরশ খান ও যুধিষ্ঠির চন্দ্র দাসগংদের বিরুদ্ধে উপজেলার হামিদপুর মৌজার জেএলনং-৫৫ আর.এস খতিয়ান নং ১০১ এ ৭ শতক বাড়ি রকম ভুমি জোর পূর্বক দখল এবং নামজারি ২২৩ নং খতিয়ানের ৩.৪৬ শতক ভুমি জবর দখলের চেষ্টা চালান বলে মামলা দায়ের করেন। গত ২৩ নভেম্বর চীফ লিগ্যাল এইড অফিসার যুগ্ম জেলা ও দায়রা জজ সোলায়মান কবীর উভয়পক্ষের উপস্থিতিতে আপোষ মীমাংসার জন্য দিন ধার্য করেন। দীর্ঘ আলোচনায় প্রতিপক্ষ মোহাম্মদ আরজ খান আপোষ মীমাংসার কার্যক্রমে সহযোগিতা না করায় প্রার্থীপক্ষ মোহাম্মদ শাহনুর বকস পীর কে এ বিষয়ে মামলা দায়েরের পরামর্শ দিয়ে আদেশ দেন। যার প্রেক্ষিতে তিনি আইন মোতাবেক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে মামলা দায়ের করেন। গত ১৩ এপ্রিল বেদখল হওয়া ৭ শতাংশ জমি ১৫ দিনের মধ্যে দখল পরিত্যাগ করিয়া নিজ দায়িত্বে স্হাবর অস্হাবর স্হাপনা (যদি থাকে) অপসারণ করিয়া দখল হস্তান্তর করার আদেশ দেন। অপর দিকে নামজারি ২২৩ নং খতিয়ানের ৩.৪৬ শতক ভুমি জবর দখলের চেষ্টা মামলার আদেশে আবেদনকারীকে আইনানুগ তফসিলভূক্ত ভূমি দখলে রাখিবার অধিকারী উল্লেখ করে তাহাকে উক্ত ভূমির দখল বা প্রবেশে বাধা প্রদান থেকে বিরত থাকতে আদেশ দেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ শাহনুর বকস পীর বলেন, নতুন ভুমি আইন ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৭ও ৮ ধারায় আমি মামলা দায়ের করেছি। আমার অভিযোগ আমলে নিয়ে জবরদখলকারীদের ১৫ দিনের মধ্যে আমার ভুমি বুঝিয়ে দিতে আদেশ দেয়া হয়েছে। এছাড়াও আরেকটি মামলায় আমার জমি বেদখল না করতে আমার জমি ভোগ দখলে কোন রকম বাধা প্রদান থেকে বিরত থাকতে আদেশ দেন। তিনি বলেন রায়ে আমি সন্তোষ্ট। এখন রায় কার্যকর হওয়ার অপেক্ষায় আছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন,২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর নতুন ভুমি আইন ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের গেজেট প্রকাশ করে এবং গেজেটের আলোকে বিধিমালা প্রনয়ন করে ৯০ দিনের মধ্যে অভিযোগের বিষয় নিস্পত্তির বিধান রাখে। প্রবাসীর অভিযোগের বিরুদ্ধে প্রতিপক্ষ আইনগত কাগজপত্র দেখাতে না পারায় দখলকৃত জমি ১৫ দিনের মধ্যে ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে। অন্যতায় আইনগতভাবে প্রবাসীকে জমি বুঝিয়ে দেওয়া হবে।

