স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গবার (২১ জুলাই) দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সিলিন্ডারের ভেতর পানি ঢুকিয়ে ওজন বাড়ানোর দায়ে মাহদি এন্টারপ্রাইজকে ৫০ হাজার এবং পণ্যে সঠিক লেবেল না থাকা, নকল পণ্য বিক্রিসহ মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে কলি স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে ন্যায্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

