বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর গ্রামে চলছে শোকের মাতন। নৌকা ডুবিতে চারজনের মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে শোকবিহ্বল পরিবেশ তৈরি হয়েছে। ইতোমধ্যে নৌকা ডুবিতে চারজন নিখোঁজের ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুইজনের মরদেহ উদ্ধারে কাজ চলছে। পরিবারগুলোতে চলছে হাহাকার। এরমধ্যে এক পরিবারের দুই ভাই রয়েছে। বিশেষ করে পরিবারের একমাত্র উপার্জনকৃত ব্যক্তি কাঠমিস্ত্রি হেমেন্দ্র দেবনাথ কে হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। তাদের কান্নায় প্রতিবেশীরাও কাঁদছেন।
শনিবার বিকেলে হেমেন্দ্র দেবনাথ এর বাড়িতে গিয়ে দেখা যায়, তার স্ত্রী সম্পা দেবনাথ চিৎকার করে কান্নাকাটি করছে। ৫ বছরের মেয়ে ঝিনুক দেবনাথ ও দেড় বছরের ছেলে রাজ দেবনাথ কোন কিছু না বুঝেই মায়ের সুরে সুর মিলিয়ে কাঁদছেন। এ কান্না দেখে প্রতিবেশীরাও কাঁদছেন।
সম্পা দেবনাথ জানান, আট বছর আগে পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। কাঠমিস্ত্রি কাজ করে দুই সন্তান নিয়ে স্বামী সংসার সুখ শান্তিতে চলছিল। পরিবারের একমাত্র উপার্জনকৃত ব্যক্তিকে হারিয়ে আমি দিশেহারা। তিনি হাঁউমাঁউ করে কান্নায় ভেঙে পড়ে বলেন আমি এখন অবুঝ দুই সন্তান নিয়ে কীভাবে বাঁচমু।
প্রতিবেশী নারী গীতা রানী শর্মা জানান,পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। এখন কীভাবে বাঁচবে বুঝে উঠতে পারছি না।
একই এলাকার তরুণ সমাজকর্মী শামীম আহমেদ জানান, হেমেন্দ্র দেবনাথ একজন সমাজকর্মী ছিল। সমাজের নানা সংকটে তাকে পাওয়া যেত। শুক্রবার রাতে গ্রামের একটি মন্দিরে সামাজিক বৈঠক শেষে নৌকা যোগে বালুচর এলাকার প্রফুল্ল দেবনাথের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যান। সেখান থেকে ভোররাত তিনটার দিকে নৌকাযোগে বাড়ি ফেরারপথে নৌকাডুবে তিনি নিখোঁজ হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তাঁর মরদেহ উদ্ধার হয়নি।
উদ্ধার অভিযানে অংশ নেয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইনচার্জ সুহেল আমীন জানান, সকাল থেকে স্থানীয় জনগনের সহয়তায় উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ চারজনের মধ্যে অরুণ দেবনাথ (৪৮) এর মরদেহ সকালে উদ্ধার করা হয়। বিকেলে সচিন্দ্র দেবনাথ (৬০) এর মরদেহ উদ্ধার করা হয়। অধির দেবনাথ (৩৮) ও হেমেন্দ্র দেবনাথ (৪০) এর মরদেহ উদ্ধার অভিযান চলছে।
এদিকে আপন দুই ভাই অরুন দেবনাথ ও অধীর দেবনাথের পরিবারে চলছে শোকের মাতন। দুই ভাই কে হারিয়ে দুই পরিবার দিশেহারা। অরুন দেবনাথের দুই ছেলে দুই মেয়ে। ছোট ছেলের বয়স দুই বছর। অধীর দেবনাথের এক ছেলে এক মেয়ে। বড় মেয়ের বয়স সাত বছর ও ছোট ছেলের বয়স দুই বছর। অপরদিকে সচিন্দ্র দেবনাথ (৬০) তিন মেয়ে বিয়ে দিয়েছেন। একছেলে বাকপ্রতিবন্ধী ও আরেক ছেলে ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে ভবানীপুর গ্রামের ২০—২৫ জন লোক সেখানে যান। সেখান থেকে ফেরার পথে একটি খোলা নৌকায় অতিরিক্ত মানুষ উঠলে নৌকাটি ডুবে যায়। রাত তিনটায় মইয়ার হাওরের তখন বাতাস ও ঢেউ ছিল। ৯ জনের মধ্যে ৫ জন সাঁতার কেটে উঠতে পারলেও ৪ জন উঠতে পারেনি। দুই জনের মরদেহ উদ্ধার হয়েছে। অপর দুই জনের মরদেহ উদ্ধার অভিযান চলছে।

