স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে নাহিদ মিয়া নামের দেড়বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। শিশু নাহিদ ওই ইউনিয়নের কবিরপুর গ্রামের নিক্সন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসির সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নিক্সন মিয়ার শিশুপুত্রকে নিয়ে বসতঘরের মেঝেতে খেলা করছেন। এক পর্যায়ে তিনি শিশুকে মেঝেতে রেখে শৌচাগারে যান। সেখান থেকে ফিরে এসে শিশুপুত্রকে দেখকে না পেয়ে পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করেন সন্তানের বিষয়ে। সবাই মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুর চাচি শাহিনা বেগম ঘরের পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে লোকজন শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশকে অবহিত করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

