Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিভাগীয় কমিশনার- অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকতে হবে

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা ও জগন্নাথপুরের সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী। তিনি বলেন, প্রতিটি এলাকায় চিকিৎসা সেবার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি এবং শিশুদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনায় উৎসাহিত করতে হবে। তিনি অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করে রাস্তা-ঘাটের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে, কারণ সুনামগঞ্জ জেলা দেশের একটি গুরুত্বপূর্ণ শস্য ভান্ডার। হাওর রক্ষা প্রকল্পে কোন ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও যোগাযোগ) তাপস শীল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা সোরবার হোসেন, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজ অরূপ সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর লুৎফুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ প্রমুখ।

সভায় স্থানীয়দের পক্ষে বক্তারা বলেন, জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলা বিভিন্ন অঞ্চলে বিশুদ্ধ পানির তীব্র সংকট বিরাজ করছে। দ্রুত এলাকায় নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানান তারা।

Exit mobile version