স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আবারও বিদ্যুতের ভয়াবহ লোডশেডি শুরু হয়েছে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলাবাসীকে।
গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার বিকেল পর্যন্ত গড়ে ১৪ থেকে ১৫ ঘন্টা বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে বলে গ্রাহকরা অভিযোগ করেছেন। তবে গতকাল স্থানীয় বিদ্যুৎ অফিস থেকে জানানো হয়েছে, চাহিদার তুলনা বরাদ্দ কম থাকায় বিদ্যুতের লোডশেডিং বেড়েছে।
উপজেলাবাসী জানান, হঠাৎ করে শনিবার সন্ধ্যা রাত থেকে অস্বাভাবিকভাবে লোডশেডিং শুরু হয়েছে।
ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে উপজেলাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।
পৌরশহরের বাসিন্দা আলী হোসেন জানান, গত এপ্রিল মাসে ভয়াবহ লোডশেডিংয়ের পর আবারও জগন্নাথপুরের বিদ্যুৎ বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ উপজেলায় দীর্ঘসময় বিদ্যুৎ না থাকলে গ্রামীন ফোনের নেটওয়ার্ট, ইন্টারনেট ও ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চালানো যায় না পানির মটর। এসব কারণে অবর্ণনীয় দূর্ভোগ পড়তে হচ্ছে।
আরেক গ্রাহক ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা ফজলুর রহমান জানান, রাতে গড়ে ২-৩ ঘন্টার পর এক ঘন্টারও কম বিদ্যুৎ পাওয়া গেছে। দিনে আরও চরম আকার ধারণ করেছে। একদিকে ভ্যাপসা গরম অন্যদিকে বিদ্যুতের যন্ত্রনা। এ দুয়ে জনজীবন বিপর্যস্ত।
জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, জাতীয় পর্য়ায়ে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। এজন্যে জগন্নাথপুরেও লোডশেডিং করা হচ্ছে। তিনি বলেন, গতকাল দিনের বেলা আমাদের প্রয়োজন ছিল গড়ে ৮ থেকে সাড়ে ৮ মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু বরাদ্দ পাওয়া গেছে সাড়ে ৩ মেগাওয়াট। রাতে সাড়ে ৯ মেগাওয়াটের মধ্যে প্রায় ৪ মেগাওয়াট মিলেছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় এই সমস্যা সৃষ্টি হয়েছে।

