স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যাগে ২০২৪-২০২৫ অর্থ বছরে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফলে জগন্নাথপুর উপজেলার শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে। সার্বিক ফলাফলে জগন্নাথপুর উপজেলা এগিয়ে রয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তার স্বাক্ষরিত ফলাফল পর্যালোচনায় দেখা যায়,প্রাথমিক ও মাধ্যমিক স্তরের এ বৃত্তি পরীক্ষায় পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। জেলার ১২টি উপজেলা থেকে মোট ২৪০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। তাঁর মধ্যে প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ২৫ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এরমধ্যে জেলার ১২ উপজেলার মধ্যে জগন্নাথপুর উপজেলার সর্বোচ্চ ৬ জন শিক্ষার্থী বৃত্তি পায়।এরমধ্যে সর্বোচ্চ ৮৫ মার্ক পেয়ে প্রথম স্হান অর্জন করে জগন্নাথপুর উপজেলার জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত সিদ্দিকা তাহা, একই বিদ্যালয়ের শিক্ষার্থী উন্মে সাইয়েদা তোয়া ৭৮ নম্বর পেয়ে বৃত্তি পায়।তাঁরা দুই বোন। জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন আনজুম ৭৪ মার্ক , একই বিদ্যালয়ের শিক্ষার্থী মিন্ময় বাড়ৈ,৬৯ জগন্নাথপুর নার্সারি বিদ্যালয়ের শিক্ষার্থী সামা বণিক ৬৯ একই বিদ্যালয়ের শিক্ষার্থী সূর্য দাস পলক ৬৮ নম্বর পেয়ে বৃত্তি পায়। মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৮ জন শিক্ষার্থী বৃত্তি পায়।এর মধ্যে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যা দাশ সৃজা বৃত্তি পায়। তাঁর বাবা গোপাল চন্দ্র দাশ দক্ষিণ হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম বলেন, আমার বিদ্যালয়ের দুই জন শিক্ষার্থী জেলা পরিষদ মেধাবৃত্তি পেয়েছে। জেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে একজন শিক্ষার্থী প্রধান হয়েছে। সেই সাথে বিদ্যালয়টি জেলায় এ ফলাফলে প্রথম স্হান অর্জন করে এতে আমরা খুশি। জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যা দাশ সৃজার বাবা উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাশ বলেন, জগন্নাথপুর উপজেলা থেকে একমাত্র শিক্ষার্থী আমার মেয়ে জেলা পরিষদ মেধাবৃত্তি পাওয়ায় আমরা অভিভূত। মেয়ের আগামী দিনের ভালো ফলাফলের ধারাবাহিকতার জন্য সবার আশীর্বাদ/ দোয়া চাই।