Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফুটবল খেলা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ওই এলাকার সাত্তার খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কালিঞ্জা গ্রামে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে ইলিয়াস খানের সঙ্গে স্থানীয় বাসিন্দা রাসেলের বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে রাতে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. ফ. ম. ওবায়দুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ইলিয়াসের মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। সূত্র-সমকাল

Exit mobile version