জগন্নাথপুর২৪ ডেস্ক::
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে গাইবান্ধায় ৫ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, নাটোরের সিংড়ায় ১ জন, বগুড়ার গাবতলী উপজেলায় ১ ও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১ জন রয়েছে। আজ রোববার বিকালে বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো খবর-
গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া, সুন্দরগঞ্জের ধোপাডাংগা ও ফুলছড়িতে বজ্রপাতে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৃথক বজ্রপাতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার শিশু ফুয়াদ, তার চাচাতো ভাই শিশু রাফি, সাদুল্লাপুর উপজেলার আলী আকবর। অন্যজনের নাম জানা যায়নি। সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান মণ্ডল জানান, রোববার দুপুরে দক্ষিণ ধোপাডাংডার বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান সুজা চৌধুরীর বাড়ির বারান্দায় খেলা করছিল সুজা চৌধুরীর শিশু পুত্র ফুয়াদ ও মুজাহিদের শিশুসন্তান রাফি। দুপুরে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে বারান্দায় অবস্থানরত ফুয়াদ ও তার চাচাতো ভাই রাফি গুরুতর আহত হয়। পরিবারের লোকজন দুজনকে নিয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধোপাডাংগায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন।
সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয় মিজানুর রহমান নামের এক যুবক। তাকে গাইবান্ধা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুলবুলির চরে আলী আকবর নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। এদিকে সাঘাটা উপজেলায় নম্বর আলী ও ফুলছড়ি উপজেলায় অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে দিকে পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর ও কোষাডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন নিয়ামতপুর গ্রামের বাসিন্দা রশিদুল ইসলামের স্ত্রী লাবণী আক্তার (৩৫) ও কোষাডাঙ্গীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৭)।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে পীরগঞ্জ উপজেলা ও এর আশপাশে থেমে থেমে বৃষ্টি চলছিল। বেলা পৌনে দুইটার দিকে গরুর ঘাস কেটে বাড়ি ফিরছিলেন লাবণী। তখন আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি মারা যান। অন্যদিকে কোষাডাঙ্গীপাড়ায় বজ্রপাতের ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে বৈরামপুর এলাকায় জমিতে ফসল দেখতে যান ইলিয়াস। এ সময় হঠাৎ বৃষ্টি ও প্রচণ্ড শব্দে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান।
পঞ্চগড়
আটোয়ারী উপজেলায় কাঁচা চা পাতা কাটার সময় বজ্রপাতে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার সকালে ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা বাগানে এ ঘটনা ঘটে বলে আটোয়ারী থানার ওসি মতিয়ার রহমান জানান। নিহত ২৫ বছর বয়সী সোহরাওয়ার্দী সোনাপাতিলা গ্রামের আবু সামাদের ছেলে। আহতরা হলেন- একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বলেন, “সকালে সোহরাওয়ার্দীসহ কয়েকজন শ্রমিক চা পাতা তুলতে বাগানে যান। এ সময় হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে এবং হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। “এক পর্যায়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক মাটিতে লুটিয়ে পড়েন। অন্য শ্রমিকরা বাকিদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যেতে পারলেও সোহরাওয়ার্দী পথেই মারা যান।” গুরুতর আহত মোস্তফা ও জাহেরুল ইসলামকে পরে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ওসি মতিয়ার বলেন, বজ্রপাতে নিহত চা শ্রমিকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সিরাজগঞ্জ
তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এবং রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের আব্দুল গফুরের ছেলে কৃষক আব্দুল হামিদ (৫০) এবং রায়গঞ্জ উপজেলা ধানগড়া ইউনিয়নের মল্লিক চাঁন গ্রামের আব্দুল হালিমের ছেলে কৃষক হাসান আলী (২৪)। মাধাইনগর ইউপির সদস্য শফিকুল ইসলাম শফি বলেন, কৃষক আব্দুল হামিদ বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে প্রতিবেশী তাঁত ব্যবসায়ী নেজবার আলী বলেন, হাসান আলী বৃষ্টির সময় বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া
গাবতলী উপজেলায় বৃষ্টির মধ্যে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে গাবতলী থানার পরিদর্শক (তদন্ত) আবু মুসা জানান। নিহত যুবকের নাম সুমন (৩৫)। তিনি মুচিখালী গ্রামের আবদুল করিমের ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকাল পৌনে ৪টার দিকে এলাকায় বৃষ্টি শুরু হয়। এ সময় সুমন বাড়ির পাশের একটি জমিতে থাকা ছাগল আনতে যান। জমিতে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
জামালপুর
সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন এবং মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার বজ্রপাতে দুজন মারা গেছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইয়াহিয়া আল মামুন জানান।
নিহতরা হলেন- সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চরযথার্থপুর এলাকার হবিবর আলীর ছেলে হাসমত আলী (৪৫) এবং মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার কড়ইচুড়া গ্রামের রাজিব কুলির স্ত্রী মর্জিনা আক্তার (২১)।
একই ঘটনায় শেফালী বেগম (২৮) নামে আরেক গৃহবধূ আহত হয়েছেন। পুলিশ জানায়, বিকালে বৃষ্টি শুরু হলে মাঠ থেকে গরু নিয়ে আসার সময় হাসমত আলী ও তার চাচাতো ভাই আনোয়ার হোসেন বজ্রপাতে আহত হয়। পরে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসমত আলীকে মৃত ঘোষণা করেন। আহত আনোয়ার হোসেন চিকিৎসাধীন। বজ্রপাতে হাসমত আলীর একটি গরুও মারা গেছে। নিহত মর্জিনা আক্তারের স্বামী রাজিব কুলি বলেন, দুপুরে বাড়ির উঠানে খোলা আকাশের নিচে চুলায় রান্না করছিলেন মর্জিনা। এ সময় পাশেই বজ্রপাত হয়। এতে মাটিতে পড়ে জ্ঞান হারান মর্জিনা। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে বজ্রপাতে আহত শেফালী বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই এলাকার হারুন মিয়ার স্ত্রী।
নাটোর
সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ধান কাটতে নাটোরের সিংড়ায় এসে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৪টায় ঠেংগা পাকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম। নিহত সম্রাট হোসেন (২৬) শাহজাদপুর এলাকার নগরডালা এলাকার সাজা ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, বিকালে চলনবিলে ধান কাটছিল সম্রাটসহ আরও কয়েকজন। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে সম্রাট ধান কাট বাদ দিয়ে পাশের এক ঘরে আশ্রয় নেন। সেখানে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকরা তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিহতের পরিবারকে জানানো হয়েছে। উনারা এখনো কেউ এসে পৌঁছাননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাবিতে বজ্রপাতে ২ শিক্ষার্থী আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা এলাকায় বজ্রপাতে দুই জন নারী শিক্ষার্থী আহত। তারা হলেন, মোছা. সুফিয়া আক্তার (২২), ও মোছা. ফারাহ আক্তার (২২)। আহত দুইজন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থী। রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে অচেতন অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাকে নিয়ে আসা সহকর্মী আগলিনা জানান, বিকেল পাঁচটার দিকে ঝড় বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা এলাকায় অবস্থানকালে বজ্রপাতে দুইজন গুরুতর আহত হন। পরে তাদেরকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে নতুন ভবনে চিকিৎসাধীন রয়েছে। আহত দুজনেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থী বলে জানান তিনি।
সূত্র-মানব জমিন

