Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভাগ্নে আর দুলাভাইয়ের হাতে একই পরিবারের চারজন খুন

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জমিজমা সংক্রান্ত বিরোধে সোমবার মধ্যরাতে নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত হাবিবুরের দুই ভাগ্নে আর দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন। বুধবার সকাল নয়টার দিকে উত্তেজিত এলাকাবাসী নিহত হাবিবুর রহমানের ভাগিনা আসামি সবুজ রানার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। প্রায় ঘণ্টাব্যাপী এই অগ্নিকাণ্ডের ফলে বাড়িতে থাকা আসবাবপত্র, চাল, পরনের কাপড়, টিনের চালাসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও রাস্তা দুর্গম হওয়ায় গাড়ি পৌঁছাতে পারেনি। পরে গ্রামবাসী স্থানীয় একটি পাম্প থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে নওগাঁ পুলিশ সুপার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নিয়ামতপুর থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

হত্যার বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরও বলেন, নিহত হাবিবুর রহমানের বোন শিরিন আক্তারের স্বামী শহিদুল ইসলাম (৩০), তার ছেলে শাহিন হোসেন ও ভাগ্নে সবুজ রানা (২০) গ্রেপ্তার তিনজনেরই বাড়ি উপজেলার বাহাদুরপুর গ্রামে। জানা যায়, নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের এক ছেলে ও পাঁচ মেয়ে। হাবিবুরের বাবা তার ছেলে-মেয়েদের মধ্যে সম্পত্তি লিখে দেন। তিনি তার ১৭ বিঘা সম্পত্তির মধ্যে বসতবাড়িসহ ১৩ বিঘা সম্পত্তি ছেলে হাবিবুর রহমানকে লিখে দেন। বাকি সম্পত্তি তার মেয়েদের লিখে দেন। হাবিবুরকে বেশি সম্পত্তি লিখে দেয়ায় বোন, ভগ্নিপতি ও ভাগ্নেদের সঙ্গে হাবিবুরের ঝামেলা শুরু হয়। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।
পুলিশ সুপার বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে হাবিবুরের বোন শিরিন আক্তারের স্বামী শহিদুল ইসলাম, তার ছেলে শাহিন ও হাবিবুরের আরেক বোন হালিমা খাতুনের ছেলে সবুজ রানা হাবিবকে হত্যার পরিকল্পনা করে। সোমবার বিকালে হাবিবুর তার ভাগ্নে সবুজ রানাকে নিয়ে উপজেলার ছাতড়া বাজারে গরু কিনতে যান। হাবিবুর ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে গরু কিনতে গিয়েছিলেন। পরে গরু না কিনেই বাড়িতে ফিরে আসেন। বাজার থেকে ফিরে আসার পর গ্রামের একটি মাঠে গিয়ে সবুজ রানা, শহিদুল, শাহিনসহ এই হত্যাকাণ্ডে জড়িত ছয়জন হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী সোমবার রাত ৮টার দিকে হাবিবুরের বাড়িতে যায়। তিনি তার মামা-মামি ও মামাতো ভাই-বোনদের সঙ্গে একসঙ্গে খাবার খায়। ওই সময় সবার অগোচরে হাবিবুরের আরেক ভাগ্নে বাড়িতে প্রবেশ করে বাড়ির একটি ঘরে লুকিয়ে থাকে। সবুজ খাবার খেয়ে বের হয়ে যায়। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে শাহিন বাড়ির মূল দরজা খুলে দেয়। এ সময় সবুজ, শহিদুলসহ আরও পাঁচজন বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে হাবিবের বাবা নমির উদ্দিনের ঘরে বাইরে থেকে শিকল দিয়ে দেয়। এরপর হাবিবের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে গলাকেটে তাকে হত্যা করে। হাবিবের স্ত্রী পপি সুলতানা দুই সন্তানকে নিয়ে পাশের ঘরে ছিল। হাবিবকে হত্যার সময় পপি বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। বাড়ির আঙিনায় বের হওয়ার সঙ্গে সঙ্গে পপির মাথায় হাসুয়া দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকেও গলাকেটে হত্যা করে। হাবিবের পুরো পরিবারকে নির্বংশ করার উদ্দেশ্যে তার দুই সন্তান পারভেজ রহমান ও সাদিয়াকে গলাকেটে হত্যা করে।

এসপি তারিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে ঘটনা জানাজানি হলে সবুজ রানা, শহিদুল ও শাহিন হাবিবের বাড়িতে আসেন। তাৎক্ষণিকভাবে ঘটনার তদন্তে নেমে মঙ্গলবারই নিহত হাবিবের ভাগ্নে সবুজ, তার বাবা নমির উদ্দিন, দুই বোন ডালিমা বেগম ও হালিমাসহ ছয়-সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সবুজ রানা পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রামের একটি খড়ের পালায় লুকানো অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রামের একটি পুকুর থেকে বুধবার হত্যাকাণ্ডে ব্যবহৃত আরও একটি ছুরি উদ্ধার করা হয়।

পরিবারের সবাইকে হত্যার কারণ হিসেবে শহিদুল ও সবুজ রানা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে, নির্বংশ করলে পরবর্তীতে হাবিবের নামে থাকা সম্পত্তির ভাগিদার তারা হবে। এই ভাবনা থেকেই তারা পরিবারের সবাইকে হত্যা করেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম ও জয়ব্রত পাল, সহকারী পুলিশ সুপার আব্দুল আল মামুন শাওন, পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিব, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
সূত্র-মানব জমিন

Exit mobile version