Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মৌলভীবাজারে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মৌলভীবাজারে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদির (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার-শমশেরনগর সড়কের মাতারকাপন পাম্প এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদির কমলগঞ্জ উপজেলার পতনঊষার এলাকার আব্দুল মোতালিবের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আব্দুল কাদির ও তার ভাই আব্দুল হাফিজ মোটরসাইকেলযোগে মৌলভীবাজার শহর থেকে নিজ এলাকা কমলগঞ্জে ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি মাতারকাপন পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুল কাদির মারা যান। সংঘর্ষে নিহত আব্দুল কাদিরের ভাই আব্দুল হাফিজ এবং এক শিশুসহ চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র এশিয়া পোষ্ট.কম

Exit mobile version