(বাঁ থেকে) জামিল আহমেদ লিমন, নাহিদা এস বৃষ্টি এবং গ্রেফতারকৃত লিমনের রুমমেট।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি বাঁ থেকে) জামিল আহমেদ লিমন, নাহিদা এস বৃষ্টি এবং গ্রেফতারকৃত লিমনের রুমমেট সাউথ ফ্লোরিডা–তে অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) হত্যাকাণ্ডে নতুন নতুন তথ্য সামনে আসছে। এ ঘটনায় লিমনের রুমমেট, যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ নিয়ে সাবেক এফবিআই এজেন্ট ও ইউএসএফ সেন্টার ফর জাস্টিস রিসার্চ অ্যান্ড পলিসির সহ-পরিচালক ডা. ব্রায়ানা ফক্স জানিয়েছেন, তদন্তে পাওয়া প্রাথমিক আলামত থেকে ধারণা করা হচ্ছে ঘটনাটি পূর্বপরিকল্পিত নাও হতে পারে। তার মতে, এটি হঠাৎ রাগ বা আবেগের বিস্ফোরণ থেকে ঘটতে পারে। তিনি আরও বলেন, ভুক্তভোগী ও অভিযুক্ত একই বয়সী এবং পরস্পরের পরিচিত হওয়ায় এ ধরনের ঘটনায় অর্থনৈতিক বিরোধ, ঈর্ষা বা ছোটখাটো দ্বন্দ্ব বড় সহিংসতায় রূপ নিতে পারে। অনেক সময় দীর্ঘ পরিকল্পনার পরিবর্তে তাৎক্ষণিক আবেগ থেকেই এমন ভয়াবহ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ১৬ এপ্রিল থেকে লিমন ও বৃষ্টি নিখোঁজ ছিলেন। তারা প্রেমিক–প্রেমিকা ছিলেন এবং পারিবারিকভাবে তাদের বিয়ের দিনও নির্ধারিত ছিল। জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা–তে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি শিক্ষার্থী ছিলেন।
নিখোঁজ থাকার প্রায় ১০ দিন পর গত ২৪ এপ্রিল টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় লিমনের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে উল্লেখ করা হয়েছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতে হত্যা করা হয়েছে।
.প্রসিকিউটররা জানিয়েছেন, প্রাথমিক প্রমাণে ঘটনার ভয়াবহতা স্পষ্ট হওয়ায় প্রধান সন্দেহভাজনকে বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করা হয়েছে। আদালতে দাখিল করা নথি অনুযায়ী, লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।
এদিকে এখনও নিখোঁজ রয়েছেন নাহিদা সুলতানা বৃষ্টি। তদন্তকারীদের ধারণা, তাকেও হত্যা করে মরদেহ টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
২৬ বছর বয়সী অভিযুক্তকে শনিবার সকালে আদালতে হাজির করা হয়। আগামী মঙ্গলবার নির্ধারিত প্রি-ট্রায়াল ডিটেনশন শুনানি পর্যন্ত তাকে কারাগারে রাখা হবে।
আদালতে জমা দেওয়া আবেদনে বলা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ অত্যন্ত নির্মম ও সহিংস প্রকৃতির। তাকে মুক্তি দিলে জননিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। হত্যার অভিযোগ ছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে মরদেহ গোপন করা, মৃত্যুর তথ্য আড়াল করা, প্রমাণ নষ্ট করা, অবৈধভাবে আটকে রাখা এবং মারধরের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, লিমনের অ্যাপার্টমেন্টে রক্তের চিহ্ন পাওয়া গেছে। এর ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বৃষ্টিকেও একইভাবে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
সূত্র: সিএনএন ও ফক্স নিউজ।

