তবে আশার বিষয় হলো—মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য গুনাহমুক্ত হওয়ার অগণিত পথ খোলা রেখেছেন। গুনাহ হয়ে গেলে যেগুলোর মাধ্যমে আল্লাহর কাছে মানুষের ফিরে আসার সুযোগ আছে, নিম্নে তেমন কয়েকটি বিষয় তুলে ধরা হলো—
খাঁটি তাওবা : গুনাহ থেকে মুক্ত হওয়ার অন্যতম পথ হলো গুনাহের ওপর অনুতপ্ত হয়ে খাঁটি মনে তাওবা করা এবং ভবিষ্যতে গুনাহ থেকে মুক্ত থাকার দৃঢ়সংকল্প করা।
ইস্তিগফার : আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মুমিনের অন্যতম ইবাদত। কারণ আল্লাহ ছাড়া বান্দাকে পাপমুক্ত করার আর কোনো সত্তা নেই।
ভালো কাজ করা : ভালো কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি যেমন পাওয়া যায়, তেমনি গুনাহ থেকেও মুক্তি পাওয়া যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিঃসন্দেহে নেক আমল মন্দকে মিটিয়ে দেয়।’ (সুরা : হুদ, আয়াত : ১১৪)
তাই শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহের কাজ করে ফেললে তা থেকে তাওবা করার পর কিছু ভালো কাজও করার চেষ্টা করা উচিত।
উত্তমরূপে দুই রাকাত নামাজ আদায় : হাদিসে গুনাহ হয়ে গেলে উত্তমরূপে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার নির্দেশনা আছে। রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যখন কোনো বান্দা কোনোরূপ গুনাহ করার পর উত্তমরূপে অজু করে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন।’ (আবু দাউদ, হাদিস : ১৫২১)
পাঁচ ওয়াক্ত নামাজ : গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজও মানুষকে গুনাহমুক্ত হতে সহযোগিতা করে। হাদিস শরিফে আছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘পাঁচ ওয়াক্তের নামাজ এবং জুমার নামাজ থেকে পরবর্তী জুমার নামাজে তার মাঝখানে সংঘটিত (ছোটখাটো) গুনাহসমূহের কাফফারা (ক্ষতিপূরণ) হয়ে যায়; তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে।’ (তিরমিজি, হাদিস : ২১৪)
অন্যের অগোচরে দোয়া করা : আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রাসুল বলেছেন, কোনো মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে একজন ফেরেশতা তার জবাবে বলে, ‘আর তোমার জন্যও অনুরূপ।’ (মুসলিম, হাদিস : ৬৮২০)
জিকিরের মজলিসে অংশগ্রহণ করা : আবু হুরায়রা ও আবু সাঈদ (রা.) থেকে বর্ণিত, তাঁরা উভয়ে নবী (সা.) সম্পর্কে সাক্ষ্য দেন যে তিনি বলেছেন, লোকজন কোনো মজলিসে সমবেত হয়ে আল্লাহর জিকিরে রত হলে ফেরেশতারা তাদের বেষ্টন করে রাখেন, আল্লাহর রহমত তাদের ঢেকে নেয়, তাদের ওপর প্রশান্তি নাজিল হতে থাকে এবং আল্লাহ তাঁর ফেরেশতাদের সামনে তাদের সম্পর্কে আলোচনা করেন। (ইবনে মাজাহ, হাদিস : ৩৭৯১)
ফজরের পর দীর্ঘ ইবাদত : সাহল ইবনে মুআজ ইবনে আনাস আল-জুহানি (রহ.) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় শেষে চাশতের নামাজ আদায় পর্যন্ত তার জায়গায় বসে থাকলে এবং এ সময়ে উত্তম কথা ছাড়া অন্য কিছু না বললে তার সব গুনাহ ক্ষমা করা হয়, যদিও গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির চেয়ে অধিক হয়।(আবু দাউদ, হাদিস : ১২৮৭) সৌজন্যে কালের কণ্ঠ।
কোরআন-হাদিসে এ রকম আরো অনেক আমল আছে, যেগুলোর বিনিময়ে গুনাহ মাফের ঘোষণা এসেছে। মহান আল্লাহ সবাইকে গুনাহমুক্ত জীবন দান করুন। আমিন।

