জগন্নাথপুর২৪ ডেস্ক::
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করায় লিবিয়ায় আটক হওয়া ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
বুধবার (২৪ জুন) সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানব পাচারকারী চক্রের প্ররোচনায় ও সহযোগিতায় অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে লিবিয়ায় প্রবেশ করেন। তাদের মধ্যে অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ রয়েছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা প্রত্যাবাসিতদের স্বাগত জানান। এ সময় আইওএমের পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে পথ খরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক চেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সূত্র-খবরের কাগজ

