Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শতবর্ষে স্মৃতির বিদ্যাপীঠ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়-অমিত দেব

আজ থেকে একশ বছর আগে জগন্নাথপুর উপজেলার শিক্ষা ও সাম্প্রদায়িক বন্ধন কেমন ছিল চোখ বন্ধ করে একটু ভাবলে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ছবি ভেসে ওঠে। বিদ্যালয়টি শত বছরের শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নির্দশন স্বরূপ দাঁড়িয়ে আছে স্বমহিমায়-স্বগৌরবে।
লাউর রাজ্যের রাজধানী খ্যাত জগন্নাথপুর উপজেলা এক সময় রাজশাসিত ছিল। রাজা বিজয় মাণিক্যের ধর্মগুরু জগন্নাথ মিশ্রের নামানুসারে জগন্নাথপুর উপজেলার নামকরণ এমনটাই ইতিহাস । আর এই জগন্নাথপুর গ্রামের ভারত নিবাসে ১৮৭৯ সালে জন্মগ্রহণ করেন একজন ভারত চন্দ্র রায়। একজন শিক্ষাদরদী সমাজহিতৈষী নিবেদিত প্রাণ মানুষ হিসেবে ১৯২৬ সালের ১৫ এপ্রিল তাঁর বাবার নামে প্রতিষ্ঠা করেন স্বরুপ চন্দ্র মাইনর স্কুল । এটি উপজেলার দ্বিতীয় প্রাচীন উচ্চ বিদ্যালয়। এরআগে ১৯১৯ সালে উপজেলার পাইলগাঁও গ্রামের বাসিন্দা জমিদার সুখময় চৌধুরী তাঁর বাবার নামে ব্রজনাথ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ভারত চন্দ্র রায় জীবদ্দশায় বিদ্যালয়ের জন্য দান করেন বিশাল ভূসম্পত্তি। বিদ্যালয়ের তথ্য অনুযায়ীবিদ্যালয়,খেলারমাঠ,পুকুর,বিদ্যালয়ের আয়ের জন্য ফসলি জমি সব মিলিয়ে এক হাল জমি দান করেন। নিজ উদ্যাগে ৭০-৮০ ফুট টিনসেট আধাপাকা ভবন নির্মাণ করে দেন। সেই সাথে বিদ্যালয় চত্বরে পাকা একটি মসজিদ তৈরি করে দেন। মুসলিম শিক্ষক শিক্ষার্থীদের নামাজ পড়ার জন্য এ মসজিদটি শত বছরের ঐতিহ্যের স্মারক হিসেবে স্বগৌরবে দাঁড়িয়ে রয়েছে। এর পাশাপাশি বিদ্যালয়ের সামনে পুকুর খনন করে ভারত সাগর নাম দিয়ে দুটি সুরম্য ঘাট তৈরি করেন। পুকুরটি যুগ যুগ ধরে এলাকার মানুষের দৈনন্দিন পানির চাহিদা মিটাতে আজো ভূমিকা রাখছে। বিদ্যালয়ের পাশে রয়েছে বিশাল খেলার মাঠ সেখানে সারা বছর খেলাধুলায় মেতে থাকেন শিশু-কিশোররা। উপজেলা প্রশাসনের জাতীয় দিবস কেন্দ্রীক বড় কর্মসূচি ও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিশাল আয়োজন এ মাঠই অন্যতম ভরসা।


১৯৮৭ সালে স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয়টি জাতীয় করণ করা হয়। তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ কে জগন্নাথপুরে এনে বিদ্যালয়টিকে জাতীয় করণে অগ্রণী ভূমিকা রাখেন বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক চৌধুরী বাচ্ছু ও তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবু খালেদ চৌধুরী,জগন্নাথপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাব আলী জাতীয় পার্টি নেতা মির্জা রফিকুল বারী। সেই সময় ৯ জনের শিক্ষক পদ নিয়ে বিদ্যালয়টি জাতীয়করণ হওয়ায় পরবর্তীতে শিক্ষক সংকটে পড়তে হয় বিদ্যালয়টিকে। দীর্ঘদিন অবকাঠামো উন্নয়ন না হওয়া ও শিক্ষক সংকটে থাকাবস্হায় ২০২৩ সালে ১৪ জন শিক্ষক যোগদান করেন। একই সালে তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর প্রচেষ্টায় শিক্ষা প্রকৌশলের মাধ্যমে বিদ্যালয়ের সাততলা একাডেমিক ভবন নির্মাণ হয়। যা এখন দৃশ্যমান। আরো একটি ৫ তলা ছাত্রাবাসের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। শতবছরের এই বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী দেশে বিদেশে কৃতিত্বের সহিত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ পদবি অলংকৃত করে আমাদের কে গর্বিত করেছে এবং বিদ্যালয়ের নাম স্বমহিমায় তুলে ধরেছেন।

একজন ভারত চন্দ্র রায় কতটুকু শিক্ষা দরদী অসাম্প্রদায়িক ছিলেন তাঁর উজ্জ্বল দৃষ্টান্ত শত বছর আগে তিনি রেখে গেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪০০ সাল কবিতার মতো আজি হতে শতবর্ষ পরে/কে তুমি পড়ছিস বসে আমার কবিতাখানি। এই কবিতার মতো আমরা একজন ভারত চন্দ্র রায়ের শিক্ষা বিস্তারে অসামান্য অবদানের কথা শত বছর পর স্মরণ করছি। তাঁর গুনকীর্তি গেয়ে পড়ছি কতশত কবিতা। স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশেই
জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়। এ বিদ্যালয়ের জমিও তিনি দান করেছেন। হাই স্কুলের জন্য বিশাল খেলার মাঠ,পুকুর ,বিদ্যালয়ের আয়ের জন্য ফসলি জমি দান করে একজন শিক্ষা দরদী হিসেবে অমরত্ব লাভ করে গেছেন। তিনি মুসলিম শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ও বিদ্যালয়ের মুসলিম শিক্ষক-শিক্ষার্থীদের প্রার্থনার জন্য একটি মসজিদ নির্মাণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্হাপন করেন।
বিদ্যালয়টি অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর হিসেবে অত্র অঞ্চলে সমাদৃত। নবই দশকে বিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে টিনসেট ভবনের পাশে ছোট পাকা মসজিদটি আমাদের নজর কাড়ত। প্রতি বছর মসজিদে শিক্ষার্থীদের উদ্যাগে বার্ষিক মিলাদ মাহফিলে তুষার সিন্নি হতো। আমরা সেই সিন্নির অংশ পেতাম।
দুপুরে মোয়াজ্জিনের আযানের ধ্বনি ও রুনুদার (বিদ্যালয়ের দপ্তরি) ঘন্টা বাজানো টং টং শব্দে বই রেখে টিফিনের বিরতিতে দৌঁড়ে বের হওয়ার দৃশ্য মনে আজো দাগ কাটে।
বিদ্যালয়ের সামনের তেঁতুল গাছের চায়ায় বসে তেঁতুল খাওয়া সান বাঁধানো ঘাটে বসে আড্ডা কিংবা বকুল দাদার চানাচুর ফজলু ভাইয়ের পেয়াজু ও কাচকা বিস্কুটের স্বাদ আজো অনুভূত হয়। এসএসসি পাস করে বিদ্যালয় থেকে বের হয়ে গেলেও প্রাণের এই বিদ্যালয়ের স্মৃতি মনের মনি কোটায় দাগ কাটে সব সময়।১৯৯৭ সাল থেকে সাংবাদিকতায় জড়িয়ে পড়লে মনের টানে বিদ্যালয়ের যেকোন অনুষ্ঠান কিংবা সমস্যা ও সফলতার গল্প তুলে ধরতে ছু্ঁটে যেতাম। বিশেষ করে প্রধান শিক্ষক গিরিন্দ্র চন্দ্র সরকার স্যার,মন্তেশ্বর আলী পাকি মিয়া স্যার, মনোরঞ্জন স্যার,নয়ন রঞ্জন বণিক স্যার,বঙ্কিম চন্দ্র দাশ স্যার,প্রফুল্ল সরকার স্যার,ছায়াদ আলী স্যার ও বিষ্ণু বণিক স্যারের স্নেহ মায়া মমতা পাঠদান ভালোবাসর পরশ আমৃত্যু মনজগতের শ্রদ্ধার জায়গায় গেঁথে আছে ।

২০২৬ সালে বিদ্যালয়ের জন্মশতবর্ষ কে সামনে রেখে বিদ্যালয়ে যাওয়া আসার সুবাদে আবারো হারিয়ে যাওয়া দিনগুলো হৃদয়ে নাড়া দেয়। বারবার মনে হয় একজন ভারত চন্দ্র রায় কতটুকু শিক্ষা দরদী অসাম্প্রদায়িক ছিলেন।
১৯৬৯ সালের ১৮ আগষ্ট শিক্ষা দরদী সমাজহিতৈষী এই মানুষটি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ নূর জানান,বিদ্যালয়ের উদ্যাগে শতবর্ষ উদযাপন উপলক্ষে বছরব্যাপী নানা আয়োজন চলবে। বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ভারত চন্দ্র অ্যাওয়ার্ড। তিনি বলেন শত বছরের মাহেন্দ্রক্ষণে বিদ্যালয়ের দায়িত্বে থাকায় আমি নিজে গর্বিত।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভারত চন্দ্র রায়ের উত্তরসূরী সুধাংশু শেখর রায় বাচ্ছু জানান,শত বছর পরও মানুষ কৃতজ্ঞ চিত্তে ভারত চন্দ্র রায়কে মনে রাখছেন এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। বিদ্যালয়টি অত্র অঞ্চলের শিক্ষার প্রসার ও ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক হিসেবে স্বগৌরবে রয়েছে।
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ যুক্তরাজ্য শাখার সমন্বয় কমিটির সদস্য সচিব সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আবুল হোসেন জানান, শতবর্ষ উপলক্ষে বিদ্যালয়ের পাশাপাশি যুক্তরাজ্যে সাবেক শিক্ষার্থীরা নানা বণাঢ্য আয়োজনের উদ্যাগ নিয়েছেন। আমি যুক্তরাজ্য থেকে দেশে এসেছি প্রাণের উচ্ছ্বাসে মিলিত হতে। শতবর্ষের এ দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী এম এ কাদির বলেন
শত বছরের স্মৃতি বিজড়িত সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্ঠান্ত বিদ্যালয়ের মসজিদটি পুনঃ সংস্কার করা হবে। মুল মসজিদ ঠিক রেখে এটা আমরা সংস্কারের উদ্যাগ নিয়েছি।তিনি বলেন ভারত চন্দ্র রায়ের অসাম্প্রদায়িক চেতনা আমাদের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষনীয় বার্তা।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক সুনামগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন, শতবর্ষে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় এটা আমাদের জন্য গর্বের গৌরবের। আমার জীবনের শ্রেষ্ঠ ও স্বর্ণালি সময় ছিল এ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে বিদ্যালয়ে থাকাকালীন সময়। আমাদের সময় শিক্ষকরা ছিলেন আমাদের কাছে ওস্তাদ আর এখন শিক্ষকতা শুধু চাকুরি। তিনি বলেন, অটুট থাকুক বিদ্যালয়টির শিক্ষার প্রসারের অগ্রণী ভূমিকা। বিকশিত হোক অসাম্প্রদায়িকতার জয় গান শতবর্ষে এ মোর প্রার্থনা।


আজ ১৮ এপ্রিল ২০২৬ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদযাপন হচ্ছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ সংসদ সদস্য হিসেবে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রয়াত জাতীয় নেতা স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদসহ অনেক বিদ্বগ্ধজন এ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশ ও জাতির কল্যাণে অসমান্য অবদান রাখছেন। শত বর্ষের এই উৎসবে প্রাণের উচ্ছ্বাসে মিলিত হবো সবাই। স্মৃতির মনিকোঠায় থাকবে স্মৃতির বিদ্যাপীঠ। শ্রদ্ধাঞ্জলি ভারত চন্দ্র রায় জয়তু স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়।

(লেখক- অমিত দেব. সাংবাদিক সাবেক শিক্ষার্থী স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়।)

Exit mobile version