Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মৌসুম শেষ, সরবরাহ কম এবং পরিবহন খরচ বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে রাজধানীর বাজারগুলোতে সবজির দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। ফলে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। কিছু কিছু সবজি ৮০ টাকার ঘরে থাকলেও স্বল্প সংখ্যক সবজি ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

বাজারে প্রতি কেজি পটল ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, বেগুন ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, ধুন্দুল ১০০ টাকা, করলা ১০০ টাকা, শসা ১০০ টাকা এবং বরবটি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা।
অন্যদিকে, মূলা, টমেটো ও ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতিটি ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ক্রেতারা বলছেন, সব ধরনের সবজির দামই অনেক বেশি। বেশিরভাগ সবজি ১০০ টাকা কেজি, কিছু ৮০ টাকার ঘরে। প্রায় দুই সপ্তাহ ধরে দাম বাড়ছে। মনে হচ্ছে বাজারে কোনো মনিটরিং নেই। যে যার মতো দাম নিচ্ছে।

বিক্রেতারা জানিয়েছেন, মৌসুম শেষ হওয়ায় অনেক সবজির সরবরাহ কমে গেছে। পাইকারি বাজারেই বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। বেড়েছে পরিবহন খরচ। এছাড়াও সরবরাহ কম থাকায় বাজারে সবজির দাম বাড়তি।
সূত্র-মানব জমিন

Exit mobile version