স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। একই গ্রুপের অন্য ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কোও।
বুধবার মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। দলের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। অপর গোলটি আসে মাতেউস কুনিয়ার পা থেকে। দাপুটে এই জয়ে মাঠ ও গ্যালারি দুটিতেই উৎসবের আবহ তৈরি হয়।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে প্রত্যাশিত ছন্দে দেখা না গেলেও স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের চেনা রূপে ফিরে আসে ব্রাজিল। আক্রমণভাগে ভিনিসিয়ুসের গতিময়তা এবং মাঝমাঠের নিয়ন্ত্রণে স্কটিশদের খুব বেশি সুযোগই দেয়নি সেলেসাওরা।
ব্রাজিল সমর্থকদের আনন্দ আরও বাড়িয়ে দেয় নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘ ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন এই তারকা ফুটবলার। ম্যাচের ৭৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার সময় পুরো স্টেডিয়াম জুড়ে ধ্বনিত হয় ‘নেইমার’ স্লোগান।
একই সময়ে আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে হাইতির বিপক্ষে ৪-২ গোলের জয় তুলে নেয় মরক্কো। ফলে তিন ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কো উভয় দলেরই পয়েন্ট দাঁড়ায় ৭। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপসেরা হয় ব্রাজিল। রানার্সআপ হিসেবে নকআউট পর্বে ওঠে মরক্কো।
অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ডের বিদায় এখনো নিশ্চিত হয়নি। সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় জায়গা পেলে তারা নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। তবে তিন ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পারায় হাইতির বিশ্বকাপ মিশন শেষ হয়েছে গ্রুপ পর্বেই।
উদাপুটে জয়, ভিনিসিয়ুসের দুর্দান্ত ফর্ম এবং নেইমারের প্রত্যাবর্তনে নতুন উদ্দীপনা পাওয়া ব্রাজিলকে এখন শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই দেখছেন ফুটবলপ্রেমীরা।

