Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট সদর উপজেলার ধোপাগুল ও মহালদিক এলাকায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত দুটি পৃথক অভিযান চালিয়ে এসব পাথর পাওয়া যায়।

গত বুধবার রাত থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা পাথর উদ্ধারে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এর ধারাবাহিকতায় চতুর্থ দিনে সদর উপজেলায় অভিযান চালানো হয়।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ ও সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ অভিযানে নেতৃত্ব দেন। এতে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযানে ধোপাগুল এলাকায় প্রায় ১ লাখ ৩০ হাজার ঘনফুট এবং মহালদিক এলাকায় আরও ১ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এসব পাথর ক্রাশার মেশিনের সামনে স্তূপ করে রাখা ছিল। এছাড়া রাস্তা ও বাড়ির পাশে মাটি, বালু ও ত্রিপল দিয়ে পাথর ঢেকে রাখা হয়েছিল।

ইউএনও খোশনূর রুবাইয়াৎ জানান, অভিযান অব্যাহত রয়েছে। আরও কিছু স্থানে পাথর লুকিয়ে রাখা হয়েছে বলে তথ্য রয়েছে, সেগুলোও উদ্ধার করা হবে।

সারা দেশে ৫১টি কোয়ারি (পাথর উত্তোলনের স্থান) রয়েছে, যার মধ্যে সিলেটের কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে আটটি কোয়ারি আছে। এছাড়া সাদাপাথর, জাফলং, বিছনাকান্দি ও উৎমাছড়ার মতো পর্যটনকেন্দ্রেও পাথর পাওয়া যায়।

২০২০ সালের আগে সিলেটের আটটি কোয়ারি ইজারা দেওয়া হতো। তবে পরিবেশের ক্ষতির কারণে পরবর্তীতে ইজারা বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনা বাড়ে। গত বছর আগস্টে সরকার পরিবর্তনের পর টানা এক বছর ব্যাপক পাথর লুটপাট হয়। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তায় সংরক্ষিত এলাকা ও পর্যটনকেন্দ্র থেকে পাথর লুট ঠেকানো যায়নি।
সূত্র দেশ রূপান্তর.কম

Exit mobile version