Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জের রাজনীতিতে নারী নেতৃত্ব উপেক্ষিত

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- নির্বাচন কমিশনের আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলোর প্রতিটি কমিটিতে ৩৩ ভাগ নারীনেতৃত্ব থাকার কথা। কিন্তু সুনামগঞ্জের প্রধান রাজনৈতিক দুটি দলেই নারী নেতৃত্বে অনেকটা উপেক্ষিত। আ’লীগের শীর্ষ পর্যায়ে হাতে গোনা দু’এক জন থাকলেও বিএনপিতে নারী নেত্রীত্ব নেই বললেই চলে। দুটি দলের অঙ্গসংগঠনেও নারী নেত্রীত্ব অবহেলিত।

আ’লীগ দলীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সাংসদ শামছুন নাহার বেগম (শাহান রব্বানী) ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীমা শাহরিয়ার ছাড়া জেলায় আ’লীগের শীর্ষ পর্যায়ের মহিলা কোন নেত্রী নেই। রাজপথে এই দুই নেত্রী ছাড়া কাউকেই তেমন দেখা যায় না। মহিলা আ’লীগের কমিটি থাকলেও তাদের কোন কার্যক্রম নেই। যুব মহিলালীগেরও কোন কমিটি নেই জেলায়। ছাত্রলীগেও এখন পর্যন্ত ছাত্রী নেত্রীর দেখা মেলেনি।
কেন্দ্রীয় কৃষকলীগ নেত্রী শামীমা শাহরিয়ার বলেন, আমি নারী নেত্রীত্ব নিয়ে সুনামগঞ্জের তৃনমূল পর্যায়ে কাজ করছি। অনেক নারীই রাজনীতিতে আগ্রহী। কিন্তু পারিবারিক, সামাজিক নানা সমস্যার কারণে তারা রাজনীতিতে আসতে পারেন না।
অন্যদিকে বিএনপি’র সুনামগঞ্জ জেলায় নারী নেতৃত্বের অবস্থা আরো খারাপ। বিভিন্ন উপজেলার দুই-তিনজন ভাইস চেয়ারম্যান ছাড়া জেলায় কোন বিএনপি’র নারী নেত্রী নেই। মহিলা দলের কমিটি থাকলেও তার কার্যক্রম অনেক দিন ধরেই নেই। রাজপথে বিগত ৭-৮ বছওে কোন নারী নেত্রীকে দেখা যায়নি। ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে ছাত্রী নেত্রী নেই।
জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এটিএম হেলাল বলেন, সুনামগঞ্জে বিএনপি’র অনেক মহিলা নেত্রী আছেন। তবে নানা সমস্যার কারণে তারা রাজপথে সক্রিয় না।

Exit mobile version