জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের দেখার হাওরের একটি বাঁধ শনিবার সকালে ভেঙে যায়। পরে হাজারো কৃষক টানা চার ঘণ্টার প্রাণপণ চেষ্টায় সেটি রক্ষা করেন। তবে তার আগেই হাওরের কিছু জমির ফসল তলিয়ে যায়। শনিবার সকালে ওই হাওরের মেলানি হাওর অংশে থাকা উজাউনি বাঁধটি রক্ষা করেন কৃষকেরা।
তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, এটি পাউবোর আওতাধীন কোনো বাঁধ নয়, স্থানীয় কৃষকেরাই তাঁদের প্রয়োজনে বাঁধ দেন, আবার প্রয়োজন হলে সেটি কেটে দেন।
স্থানীয় কৃষকেরা জানান, অতিবৃষ্টিতে দেখার হাওরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। হাওরের উতারিয়া বাঁধের কারণে জলাবদ্ধতার পানি নদীতে নামতে না পারায় মেলানির হাওরে পানির চাপ বাড়ে। এ কারণে গত বুধবার উতারিয়া এলাকার বাঁধের কিছু অংশ স্থানীয় কৃষকেরা কেটে দেন পানি নিষ্কাশনের জন্য। এতে করে হাওর থেকে কিছুটা পানি নামেও। কিন্তু পরে প্রশাসনের নির্দেশে আবার বাঁধটি মাটি দিয়ে ভরাট করা হয়। ফলে আবার পানির চাপ সৃষ্টি হয় মেলানির হাওরের বাঁধে। শনিবার সকালে প্রথমে ওই বাঁধে ছোট নালার সৃষ্টি হয়। কয়েকজন কৃষক সেটি রক্ষার চেষ্টা করেন; কিন্তু পারেননি। একপর্যায়ে ভাঙা অংশটি আরও বড় হয়ে হাওরে ব্যাপক পরিমাণে পানি ঢুকে ফসল তলিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আমিন উদ্দিন বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে এলাকাবাসীকে বাঁশ, বস্তা নিয়ে জড়ো হওয়ার আহ্বান জানাই। কিন্তু বাঁধটি হাওরের গভীরে। তাই লোকজন জড়ো হতে ঘণ্টাখানেক সময় লেগে যায়। স্থানীয় হাজারো কৃষক জড়ো হয়ে চার ঘণ্টার চেষ্টায় বাঁধে কাজ করে সেটি রক্ষা করি।’
আস্তমা গ্রামের কৃষক মহিব মিয়া (৫০) জানান, মেলানি হাওরে তাঁর ১২ কেদার (৩০ শতকে এক কেদার) জমি আছে। এই বাঁধ ভাঙায় সব ধান তলিয়ে গেছে। তিনি বলেন, ‘উতারিয়া বাঁধের পানি নিষ্কাশনের নালাটি খোলা থাকলে এই বাঁধ ভাঙত না। আমাদের ফসলের ক্ষতি হতো না।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেখার হাওরে সদর, শান্তিগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার মানুষের জমি আছে। এই হাওরে মোট জমির পরিমাণ ৪৫ হাজার ৮৫৯ হেক্টর। এর মধ্যে আবাদি জমি আছে ২৪ হাজার ২১৪ হেক্টর। হাওরে এবার অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ঝাওয়া, শেয়ালমারা, গুমরাসহ কয়েকটি জায়গায় ফসলের ক্ষতি হয়েছে।
পাউবোর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ‘যে বাঁধটি দিয়ে পানি প্রবেশ করেছে, সেটি আমাদের কোনো বাঁধ নয়, আমরা এখানে কোনো কাজও করিনি। স্থানীয়রা এখানে প্রয়োজনে কাজ করেন। আমি শুনেছি বৃষ্টি পানির চাপে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, তিনি বিষয়টি শুনেছেন। বাঁধটির যাতে আর ক্ষতি না হয় সেই ব্যবস্থা করা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার সুনামগঞ্জের ১৩৭টি হাওরে দুই লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ১৪ লাখ মেট্রিক টন। সপ্তাহখানেক পর থেকে হাওরে ধান কাটা শুরু হবে।
সূত্র

