Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

স্থানীয় সরকার নির্বাচন আচরণ বিধিমালায় যুক্ত হচ্ছে কঠোর বিধান

জগন্নাথপুর২৪ ডেস্ক::

স্থানীয় সরকার নির্বাচন আচরণ বিধিমালার খসড়া আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ইসির ওয়েবসাইটে প্রকাশিত খসড়ার ওপর অংশীজনদের মতামত পর্যালোচনা করে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হবে। পরে কমিশন সভায় অনুমোদনের মাধ্যমে বিধিমালা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কঠোর আচরণবিধি অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এর আগে স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠান-সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের জন্য পৃথক আচরণ বিধিমালার খসড়া প্রণয়ন করেছে ইসি। অংশীজনদের মতামতের জন্য এসব খসড়া কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ইসিতে নিবন্ধিত ৫৬টি রাজনৈতিক দলের কাছেও ই-মেইলে পাঠানো হয়েছে। মতামত জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ জুন। তবে এবার খসড়া বিধিমালা চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে কোনো সংলাপ করবে না কমিশন।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আচরণবিধি সর্বশেষ ২০১৬ সালে সংশোধন করা হয়েছিল। ওই বিধিমালার আওতায় পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হয়। তবে গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভিত্তিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী জাতীয় সংসদে আইনও পাস হয়েছে। ফলে নতুন বাস্তবতায় স্থানীয় সরকার নির্বাচন আচরণ বিধিমালায় ব্যাপক পরিবর্তন আনতে হচ্ছে নির্বাচন কমিশনকে।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সমকালকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে কমিশন। এর অংশ হিসেবে আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করার কাজও এগিয়ে চলছে। তিনি বলেন, ‘৩০ জুনের মধ্যে সবার মতামত পেলে আশা করি এক সপ্তাহের মধ্যেই খসড়া চূড়ান্ত করা যাবে।’

তিনি আরও জানান, আচরণ বিধিমালা চূড়ান্ত হওয়ার পর আরও কিছু প্রস্তুতিমূলক কাজ বাকি রয়েছে। ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের তালিকা প্রায় চূড়ান্ত। কিছু নির্বাচনী সামগ্রী কেনাকাটার কাজ শেষ করা হবে। এরপর আগস্টের মধ্যেই তপশিল ঘোষণা করে ৩০ দিনের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং নির্বাচন-সংক্রান্ত অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হবে। এর আগে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। এ জন্য আগস্টে তপশিল ঘোষণার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মীর শাহে আলমও সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছেন, আগস্টে তপশিল ঘোষণা করে সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় কয়েক ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে ইসি। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপে প্রায় ৪০০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হতে পারে।

যুক্ত হচ্ছে কঠোর সব বিধান

স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রণীত খসড়া আচরণবিধিতে বেশ কয়েকটি কঠোর নিয়মকানুন যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং স্থানীয় সরকার নির্বাচন আইনের আলোকে এসব বিধান অন্তর্ভুক্ত করা হচ্ছে।

খসড়া অনুযায়ী, আচরণবিধি গুরুতরভাবে লঙ্ঘন করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা যাবে। এছাড়া নির্বাচনী প্রচারণার সময় কমানো, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা নিয়ন্ত্রণ, পোস্টার নিষিদ্ধ, মাইক ও শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার সীমিত করাসহ বিভিন্ন নতুন বিধান যুক্ত করা হয়েছে।

খসড়া পর্যালোচনায় দেখা গেছে, স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের জন্য আলাদা বিধিমালা প্রণয়ন করা হলেও অধিকাংশ বিধি ও নিয়ম একই ধরনের। সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের আচরণবিধিতে ৩৩টি করে সাধারণ বিধান রাখা হয়েছে। তবে উপজেলা পরিষদের খসড়ায় অতিরিক্ত একটি ধারা যুক্ত করা হয়েছে। এতে মনোনয়নপত্র দাখিলের দিন থেকে ভোটগ্রহণ পর্যন্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নির্বাচনী প্রচার বা ভোট-সংক্রান্ত কাজে উপজেলা কার্যালয় ও সরকারি যানবাহন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খসড়া অনুযায়ী, প্রার্থী বা তাঁদের এজেন্টরা আচরণবিধি লঙ্ঘন করলে লিখিত আদেশের মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিল করা যাবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে আগে আচরণবিধি লঙ্ঘনের শাস্তি ছিল সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা। নতুন খসড়ায় কারাদণ্ড অপরিবর্তিত রেখে জরিমানার পরিমাণ বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। অন্য সব স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের মতো আরপিওতে নির্ধারিত ব্যয়সীমা অতিক্রম করলেও শাস্তির বিধান রাখা হয়েছে।

নির্বাচনী প্রচারণার সময়ও কমিয়ে আনা হয়েছে। আগে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচারণা চালানো গেলেও নতুন খসড়ায় তা দুপুর ১২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সীমিত করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ রাখা হয়েছে। জাতীয় নির্বাচনে অনুমোদিত পোস্টাল ব্যালট স্থানীয় সরকার নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন ও ব্যানার কেবল পচনশীল উপকরণ দিয়ে তৈরি হলে ব্যবহারের অনুমতি দেওয়া হবে। পচনশীল উপকরণ দিয়ে তৈরি ডিজিটাল ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ যানবাহন দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রচারণা চালাতে পারবে। তবে এগুলোর কারণে যান চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রতি ওয়ার্ডে একটি মাইক্রোফোন ব্যবহারের অনুমতি থাকবে এবং তা কেবল দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত ব্যবহার করা যাবে। শব্দের মাত্রা সর্বোচ্চ ৬০ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে। অনলাইনে প্রচারণা চালাতে হলে প্রার্থীদের আগে রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম, অ্যাকাউন্ট আইডি এবং ই-মেইল নিবন্ধন করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিদ্বেষমূলক বক্তব্য, ভুয়া তথ্য, বিকৃত ছবি বা মনগড়া কনটেন্ট প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া প্রার্থী বা তাদের সমর্থকেরা ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটার স্লিপ বিতরণ করতে পারবেন না। বিতরণযোগ্য ভোটার স্লিপের আকারও নির্ধারণ করে দেওয়া হয়েছে।খসড়ায় সীমিত সংখ্যক বিলবোর্ড ব্যবহারেরও সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ ১৬ ফুট × ৯ ফুট আকারের বিলবোর্ড ব্যবহার করা যাবে।

ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে একজন প্রার্থী প্রতি ওয়ার্ডে একটি করে বিলবোর্ড স্থাপন করতে পারবেন। উপজেলা পরিষদ নির্বাচনে প্রতি ইউনিয়ন বা পৌর ওয়ার্ডে একটি করে, তবে একটি নির্বাচনী এলাকায় সর্বোচ্চ ২০টি বিলবোর্ড স্থাপনের সুযোগ থাকবে। জেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থী প্রতি থানা বা উপজেলায় একটি করে বিলবোর্ড স্থাপন করতে পারবেন। এ ছাড়া খসড়া আচরণ বিধিমালায় জাতীয় সংসদ নির্বাচনের মতো অন্যান্য বিধি-বিধান ও আইনগত ব্যবস্থা বহাল রাখা হয়েছে।
সূত্র-সমকাল

Exit mobile version