জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের লাখাই উপজেলায় ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় এবং বাড়িতে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন লাখাই থানার ওসি শরীফ আহমেদ।
পুলিশ খবর পেয়ে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতরা হলেন-লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের সুদেব দাস (৬০), সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত (৪৫)।
পুলিশ ও স্বজনরা জানান, ওই পাঁচজন উপজেলার মোড়াকরি বাজারের একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে অ্যালকোহলজাতীয় তরল কিনে নিয়মিত পান করতেন। মঙ্গলবার রাতে পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তারা বুধবার ও বৃহস্পতিবার একে একে সবাই মারা যান। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সুজিতের মৃত্যু হয়। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা যান সুদেব। রঞ্জিত মারা যান ঢাকায় নেওয়ার পথে। এছাড়াও নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস নিজ গ্রামেই মারা যান।

