Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

১০ বছর পর বাড়ি ফিরছিলেন প্রবাসী জাকির, সড়ক দুর্ঘটনায় মা-বোন-ভাইসহ ৫ জনের মৃত্যু

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বাড়ি ফেরা হলো না মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের। দীর্ঘ ১০ বছর পর বাড়ি ফিরছিলেন তিনি। সড়ক দুর্ঘটনায় জাকির ও পরিবারের চারজনসহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-যশোরের ঝিকরগাছা এলাকার বাকড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী রাকিব হোসেন, তার মা নুরজাহান বেগম, বোন আয়েশা আক্তার ও ভাই আরিফ হোসেন। নিহত অপরজন প্রাইভেটকার চালক জাহিদ হোসেন। সে মনিরামপুর উপজেলার গৌরপুর গ্রামের মো. ইসলামের ছেলে। এ ঘটনায় আহত দুই শিশু আশরাফুল হোসেন (৮) ও তাসফিয়া (৩) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্বজনেরা জানান, দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন রাকিব হোসেন। গতরাতে তিনি দেশে ফিরলে স্বজনরা তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয় তাদের বহনকারী প্রাইভেটকারটি।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় দুই শিশু সামান্য আহত হয়েছে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ভোরের দিকে ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আরও এক ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।প্রাইভেটকারে থাকা দুই শিশু সামান্য আহত হয়েছে। সূত্র-মানব জমিন

Exit mobile version