স্টাফ রিপোর্টার::
চারপাশে ঈদের আনন্দ উৎসব বিরাজ করলেও ঈদের আনন্দ-হাঁসি নেই যুদ্ধাহত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খানের ছেলে আব্দুল গফফারের পরিবারে। ভাঙা ঘরে চাপা পড়ে আছে তাঁদের এবারের ঈদ আনন্দ।
শনিবার ঈদের দিনেও পরিবার লোকজন নিয়ে ভাঙা বাড়ি দেখতেে এসে চোঁখ দিয়ে ঝরছিল অশ্রু।
এমন দুঃখ দুর্দশার দৃশ্যে দেখা যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে। গত রোববার স্থানীয় এক যুবদল নেতার নেতৃত্বে ওই পরিবারের বসতঘর ভেঙে আসবাবপত্রসহ সব লুট করে নিয়ে যাওয়া হয়।
সরজমিনে জানা গেছে, মুক্তিযোদ্ধা বাবার নামে পাওয়া সরকারি বন্দোবস্তের জায়গা ছিল মাথা গোজার ঠাঁই। সিএনজি চালিয়ে চলত সংসার। দুই দিন আগেও যাদের মনে ছিল ঈদের আনন্দ কে জানত সবকিছু চাপা পড়বে ভাঙা ঘরের নিচে। দুই সন্তান আর স্বামী স্ত্রীর চার সদস্যের সুখী পরিবারে এবার নেই ঈদ আনন্দের ছিটেফোঁটা। ঈদের নতুন কাপড় দূরের কথা এক কাপড়ে কাটছে তাঁদের দিনরাত। খোলা আকাশের নিচের ছয়দিন কাটলেও নেয়নি কেউ তাঁদের খোঁজ। ঈদ উপলক্ষে তাদের আশেপাশের অনেকে সরকারী নানা সুযোগ সুবিধা পেলেও তাদের ভাগ্যে জোটেনি সেসবের কিছুই। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়েও যেন তাদের এখন মানবেতর জীবন যাপন। ছয় দিন ধরে আশ্রয় হারিয়ে কখনো বোনের বাড়িতে, কখনো ভাঙা ঘরের পাশে সময় কাটে গফফারের।
ভুক্তভোগী ওই প্রয়াত মুক্তিযোদ্ধার ছেলে আব্দুল গফফার বলেন, বৈশাখী ঝড়ের মতো সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘরে কিছুই নেই। টিন চাল থেকে শুরু করে পড়নের কাপড় পর্যন্ত লুট করা হয়েছে। আমি সিএনজি চালক মানুষ। দিন আনি দিন খাই। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় কাজেও যেতে পারছিনা। বাচ্ছাদের নতুন কাপড় দেওয়া তো দূরের কথা এক কাপড়েই আজকে ছয়দিন। প্রশাসন থেকে বলা হয়েছে ঈদের পরে নতুন করে আমার বাবা নামের বন্দোবস্তকৃত জায়গা চিহ্নিত করে দেওয়া হবে। কিন্তু আমার ঘর কে তৈরি করে দিবে? খুব কষ্ট দিন কাটছে। এ ঈদ আমাদের জন্য নয় যারা আমার ঘর ভেঙে মালামাল লুট করেছে ঈদ তাদের জন্য!
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, এ ভাবে হামলা করে ঘরটি ভেঙে মালামাল লুটপাট খুবই দুঃখজনক। একটি পরিবারের সবকিছু লুট করে নিয়ে যাওয়া ঠিক হয়নি। বিষয়টি সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান করা যেতে পারত।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, জায়গা জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল।বিষয়টি আমাদের নজরে এলে ঈদের পর বিষয়টি সরেজমিনে মাপ দিয়ে সমাধান করে দিবো বলেছিলাম। তারপরও আইন হাতে তুলে নিয়ে যারা ভাংচুর করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঈদের পর ওই মুক্তিযোদ্ধার নামের বন্দোবস্তকৃত জায়গা চিহ্নিত করে দেওয়া হবে। পরিবারটি পুনবাসনে চেষ্টা করব।
উল্লেখ্য, রোববার (১৫ মার্চ) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁনের নামে বন্দোবস্তকৃত ভূমি জোরপূর্বক দখলে চাঁদা না পেয়ে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের নেতৃত্বে বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনার দুই দিনপর ওই মুক্তিযোদ্ধার ছেলে বাদী হয়ে জগন্নাথপুর থানায় নিজাম উদ্দিনকে প্রধান আসামী করে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১৩ জনের নামে মামলা করেন। মামলা দায়ের পর পুলিশ ঘটনার মূলহোতা যুবদল নেতা নিজামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।